২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভাব্য চুক্তি নিয়ে শত নাগরিক কমিটির উদ্বেগ

বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি সমর্থিত 'শত নাগরিক কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 09:08 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি সমর্থিত 'শত নাগরিক কমিটি'। সোমবার বিকালে এক আলোচনা সভায় সংগঠনের নেতারা বলেন, জনগণকে না জানিয়ে চুক্তি করা হলে তা দেশের জন্য বিপদজনক হবে। স্বাধীনতা হুমকির মুখে পড়বে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন। তার এ সফরে তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন ছাড়াও ভারত থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রানজিট সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে 'সম্মতিপত্র'ও বিনিময় হবে। এর বিরোধিতা করে শত নাগরিক ফোরামের সদস্যরা সোমবার জাতীয় প্রেস ক্লাবের সমানে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনসহ বিএনপি সমর্থক শিক্ষক, প্রকৌশলী, আইনজীবী ও চিকিৎসকরা এতে অংশ নেন। 'মানমোহন সিংয়ের ঢাকা সফর এবং জাতীয় স্বার্থ নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন' শীর্ষক এই কর্মসূচিতে 'ট্রানজিট ও করিডোরকে না বলুন', 'টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ করুন', 'ভারতে আন্তঃনদী সংযোগ প্রকল্প বন্ধ করতে হবে', 'সীমান্ত হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ চাই' ইত্যাদি শ্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন শত নাগরিক কমিটির সদস্যরা। পরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কমিটির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বলেন, "জনগণের সমর্থন ছাড়া ট্রানজিট কিংবা করিডোর দেওয়ার মতো কোনো চুক্তি গ্রহণযোগ্য নয়। নিজের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্যের স্বার্থে এরকম চুক্তি হলে তা শুভ হবে না।" বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, "আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলে দিতে চাই- ম্যান্ডেট ছাড়া একতরফা চুক্তি কাগজে-কলমে করা হলেও তা বাস্তবায়ন করাতে দেওয়া হবে না।" দৈনিক আমার দেশের সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি মাহমুদুর রহমান বলেন, "আমরা মনে করি, ট্রানজিট সম্মতিপত্রে সই করলে বাংলাদেশকে একটি করদরাজ্য পরিণত করা হবে।'' যারা ট্রানজিটের পক্ষে 'ওকালতি' করছেন, তারা 'ভারতের দালাল' বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান দেশের দুই প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারেরও সমালোচনা করেন। ট্রানজিটের বিষয়ে প্রধান বিরোধী দলের 'নিশ্চুপ ভূমিকার' সমালোচনা করে তিনি বলেন, "এ বিষয়ে বিরোধী দল কিছুই বলছে না। তাদের অবস্থান স্পষ্ট নয়। তবে আমরা মনমোহন সিংয়ের সফর শেষ হলেই এ চুক্তির বিরুদ্ধে কর্মসূচি দেবো।" সাবেক সচিব আসাফউদ্দৌলা বলেন, "আমরা জানি না, চুক্তিগুলোতে কি লেখা আছে। কোনো কিছুই বলা হচ্ছে না। এভাবে চুক্তি গোপনে করা হলে তা বাস্তবায়ন হবে না। অতীতের চুক্তিগুলো বাস্তবায়ন হয়নি।" অধ্যাপক মাহবুবউল্লাহ বলেন, "আমরাও ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে তা হতে হবে সমতার ভিত্তিতে।" অন্যদের মধ্যে সাংবাদিক আতাউস সামাদ, সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ হ ন ইউসুফ হায়দার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করীম, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক সেন্টারের কে এম এ মালিক আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০৩০০ ঘ.