চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতনে আহত ইয়াছমিন আক্তারকে (২০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার পূর্ব ষোলশহরের নিজ বাসা থেকে ইয়াছমিনের স্বামী ওসমান গণিকে (২৬) গ্রেপ্তার করা হয়।
ওসমান পূর্ব ষোলশহরের বহদ্দারহাটের প্রয়াত আব্দুল ওহাবের ছেলে। বহদ্দারহাটে তার রড-সিমেন্টের ব্যবসা আছে।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টায় আহত ইয়াছমিন আক্তার বাদী হয়ে থানায় নারী নির্যাতন আইনে মামলা করেন। সন্ধ্যা ৬টার দিকে ওসমানকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৪ জুন ইয়াছমিনের সঙ্গে ওসমানের বিয়ে হয়। তাদের পাঁচ মাস বয়সী এক ছেলে আছে।
বিয়ের কয়েকমাস পর থেকেই ব্যবসার জন্য স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল ওসমান। এ টাকা না দেওয়ায় বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে ইয়াছমিনকে নির্যাতন করতে থাকে।
সোমবার সকালে ওসমান আবারো ইয়াছমিনের কাছে যৌতুকের টাকা দাবি করে। এতে অস্বীকৃতি জানালে প্রচ- মারধরে ইয়াছমিন গুরুতর আহত হন।
ইয়াছমিনের বড় ভাই মো. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৮ অগাস্টও ওসমান ইয়াছমিনকে মারধর করেছে।
নিজাম আরো বলেন, মাস পাঁচেক আগে সিজার অপারেশন করে সন্তান হওয়ায় ইয়াছমিন এখনো পুরোপুরি সুস্থ নন। ওই শরীরে কিল-ঘুষি-লাথি মারায় ও বেল্ট দিয়ে আঘাত করায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এক পর্যায়ে ইয়াছমিনকে গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করে ওসমান, বলেন নিজাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/ডিডি/০০৫৮ ঘ.
bdnews24