সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয় তিনজন।
রেলওয়ে পুলিশ (জিআরপি) জানিয়েছে, সোমবার ভোর ৬টার দিকে উল্লাপাড়া-সলপ স্টেশনের মাঝামাঝি ঘাটিনা রেল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান পিন্টু (৩২) নওগাঁর রানীনগর উপজেলার দাউদপুর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
আহতরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার ত্রীধর গ্রামের আবেদ আলী খন্দকারের ছেলে সাখাওয়াত হোসেন (১৮), ত্রিবাধুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা (২০)। এরা দুজনই পোশাক শ্রমিক। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
এদের সিরাজগঞ্জের কড্ডায় ই-স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি বিমল কুমার চাকী সাংবাদিকদের জানান, 'নীলসাগর' ট্রেনটি সৈয়দপুর থেকে ঢাকা যাচ্ছিলো। ঈদের পরে ঢাকামুখো যাত্রী থাকায় ট্রেনটিতে অনেক ভিড় ছিলো। ফলে অনেক যাত্রী ট্রেনের ছাদে ওঠে।
ঘাটিনা রেল সেতুতে ট্রেনটি উঠার পর ছাদে থাকা যাত্রীদের মধ্যে চার জন সেতুর উপরে থাকা রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়।
এসময় তারা দাঁড়িয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সদানন্দপুর স্টেশনে পৌঁছলে ছাদ থেকে হতাহতদের উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০০ ঘ.
bdnews24