গাজীপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জলাশয়ে ডুবে দুই সহোদরসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার কড়িহাতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ওই শিশুদের পরিবার।
নিহতরা হলো গ্রামের মোমেন মাস্টারের ছেলে রক্তিম (১১), তার বোন আয়েশা সিদ্দিকা (৯) ও তাদের ফুফাতো ভাই গিয়াসপুর গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে আশিক (১০)।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রক্তিমের চাচা আবুল মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মোমেন মাস্টারের বাড়ির চারটি শিশু পাশের জলাশয়ে খেলতে যায়।
অনেক খোঁজাখুজি করেও পরিবারের লোকজন তাদের পায়নি।
দেড়ঘণ্টা পর জিসান নামে এক শিশু জানায়, ওই তিন শিশু বাড়ির পাশে জলাশয়ে ডুব দিয়ে আর ওঠেনি।
এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা ওই জলাশয় থেকে তাদের উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খাজা হাবিব সেলিম তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
আশিক ঈদের সময় মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে এসেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৮
bdnews24