ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টন নিয়ে আপত্তির কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা আসছেন না- তা নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস সোমবার সাংবাদিকদের বলেন, "তিনি যে আসছেন না, তা আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।"
দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতারও এই সফরে তার সঙ্গে আসার কথা ছিল। কিন্তু তিস্তার পানি ভাগাভাগির প্রস্তাব নিয়ে আপত্তি তুলে শেষ মুহূর্তে তিনি ঢাকা না আসার কথা মনমোহনকে জানিয়ে দেন।
মমতার এই সিদ্ধান্তের পর বহু প্রতীক্ষিত তিস্তার পানি বণ্টন চুক্তিও অনিশ্চয়তায় পড়ে।
ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই সোমবার সাংবাদিকদের বলেন, তিস্তার পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের আপত্তি উপেক্ষা করে এগোবে না নয়া দিল্লি।
সেখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, তিস্তা চুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লি।
এ বিষয়ে মিজারুল কায়েস বলেন, তিস্তা চুক্তির অনিশ্চয়তা নিয়ে গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ভারত সরকারের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।
তিস্তা চুক্তি নিয়ে অনিশ্চয়তা স্পষ্ট হলেও ফেনী নদীর পানি বণ্টন চুক্তির আলোচনা ঠিক পথেই এগোচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রঞ্জন মাথাই। মনমোহনের সফরেই এ চুক্তি হওয়ার কথা।
এছাড়া বাঘ সংরক্ষণের বিষয়ে একটি প্রটোকল এবং সুন্দরবনের প্রণিবৈচিত্র সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, বাংলাদেশ টেলিভিশন ও পশ্চিমবঙ্গের দূরদর্শনের মধ্যে সহযোগিতা, মৎস্য খাতের উন্নয়ন এবং ঢাকা ও দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে দুই পক্ষের মধ্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৯৩১ ঘ.
bdnews24