ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুফি গবেষক সৈয়দ আহমদুল হক আর নেই। বার্ধক্য জনিত রোগে ভুগে সোমবার চট্টগ্রামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
আহমদুলের বয়স হয়েছিলো ৯৩ বছর। তিনি দুই ছেলে, ছয় মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার জোহরের নামাজের পর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আহমদুলের জানাজা হবে।
আহমদুল হকের জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের জয়নগর গ্রামে। ১৯৪২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি নেওয়ার পর বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনেও এমএ ডিগ্রি নেন তিনি।
আহমদুল হক চট্টগ্রাম কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। তিনি বিসিক এর সচিব, শিক্ষা বিভাগের উপপরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে অবসরে যাওয়ার পর পরিপূর্ণভাবে গবেষণায় মন দেন তিনি।
আহমদুলের লেখা বইয়ের মধ্যে রয়েছে- প্রবন্ধ বিচিত্রা, মসনবী শরিফের পয়গাম ও তফসির বাণী ও ভাষ্য, মসনবী শরিফের কাহিনী ও মর্মবাণী, ফার্সি গজল সঙ্কলন, চট্টগ্রামের শিল্প ও বাণিজ্য।
মাইজভাণ্ডারি তরিকার অনুসারী আহমদুল সুফি তত্ত্ব গবেষণার জন্য আল্লামা রুমি সোসাইটি গড়ে তোলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.
bdnews24