ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। মনমোহন সিংয়ের সফরের একদিন আগে মন্ত্রিসভার এ বৈঠকে চুক্তিসহ অন্যান্য বিষয়ের খসড়া নিয়ে আলোচনা হবে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী জানিয়েছিলেন।
মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।"
দুদিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী। তার এ সফরে তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন ছাড়াও ভারত থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে মোট তিনটি চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া স্থল সীমা নির্ধারণ ও বাঘ সংরক্ষণের বিষয়ে দুটি প্রটোকল সই হওয়ার কথা রয়েছে।
সুন্দরবনের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, বাংলাদেশ টেলিভিশন ও পশ্চিমবঙ্গের দূরদর্শনের মধ্যে সহযোগিতা, মৎস্য খাতের উন্নয়ন এবং ঢাকা ও দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকেও সই করবেন দুই পক্ষের প্রতিনিধিরা।
উপদেষ্টা রিজভী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "দুই প্রধানমন্ত্রীর বৈঠকে যেসব চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে- সেগুলো আগামীকালের (সোমবার) বৈঠকেই (মন্ত্রিসভার) অনুমোদন করাতে হবে।"
মনমোহনের সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রানজিট সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে 'সম্মতিপত্র'ও বিনিময় হবে।
সম্মতিপত্রের ভিত্তিতেই ট্রানজিটের আইনি কাঠামো, পরিচালনা পদ্ধতি, প্রটোকলসহ খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলে রোববার জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৩৫২ ঘ.
bdnews24