ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে খালেদা জিয়াকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার রাজীত মিত্র।
রোববার রাত ৮টায় গুলশানে খালেদার কার্যালয়ে ভারতের হাইকমিশনার খালেদার সঙ্গে দেখা করে বৈঠকের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
রাজীত মিত্র খালেদার সঙ্গে দেখা করার পর শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
"ভারত সরকারের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর রীতি এটি প্রথম।"
হোটেল সোনারগাঁওয়ে বুধবার বিকাল ৪টায় মনমোহন সিংয়ের সঙ্গে খালেদার বৈঠকের সময় নির্ধারিত হয়েছে।
বৈঠকের বিষয়বস্তু চূড়ান্ত করতে আগামী ৬ সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। রাত ৯টায় এই বৈঠক হবে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে।
আগামী ৬ সেপ্টেম্বর মনমোহন সিং দুইদিনের সফরে ঢাকা আসছেন।
শমসের মবিন জানান, হাইকমিশনার আশা প্রকাশ করেছেন, মনমোহন সিংয়ের সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ফল রাখবে।
"জবাবে বিরোধীদলীয় নেতা হাইকমিশনারের মাধ্যমে মনমোহন সিংয়ের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন।"
সাক্ষাতের সময় অন্যদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
স্থায়ী কমিটির বৈঠক
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের বাইরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক সাবেক উপদেষ্টা রিয়াজ রহমানসহ কয়েজ জ্যেষ্ঠ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৩৮ ঘ.
bdnews24