ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তার সঙ্গে দেখা করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রোববার এ কথা জানিয়েছেন।
তিনি জানান, ৬ সেপ্টেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকা পৌঁছুবেন মনমোহন সিং। সেখান থেকে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন।
"সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং সেখানে গাছের চারা রোপণ করবেন।"
ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন দীপু মনি ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে একক বৈঠক করবেন মনমোহন।
৭ সেপ্টেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া বিষয়ে বক্তৃতা দেবেন এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করবেন।
মনমোহন সিং ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন।
খালেদা জিয়া ও এরশাদ তার সঙ্গে বুধবার বিকেলে দেখা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৯৫১ ঘ.
bdnews24