চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে উত্তর চট্টগ্রামের তিন উপজেলা ও দুই পার্বত্য জেলার বেশিরভাগ গ্রাহক।
শুক্রবার বেলা ১২টায় হাটহাজারী উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার বিস্ফোরণের পর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি এবং খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে আবার সংযোগ দেওয়া হয়।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি- ৩ হাটহাজারী জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক (ডিজিএম) মৃদুল কান্তি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাটহাজারী উপ-কেন্দ্রের একটি ট্রান্সফরমার বিকল হওয়ায় এসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়।
"মেরামতের পর শনিবার সন্ধ্যা ৬টায় সব এলাকায় আবার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়," বলেন তিনি।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর সংযোগ দেওয়ার ২০ মিনিটের মাথায় আবার লোডশেডিং হয়েছে ।
হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের বাসিন্দা মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ১২টায় বিদ্যুৎ যাওয়ার পর শনিবার সন্ধ্যা ৬টার দিকে আবার দেওয়া হয়।
কিন্তু ২০ মিনিট পরই বিদ্যুৎ চলে যায়।
ঈদের কয়েকদিন আগে থেকেই ঘণ্টায় কয়েকবার লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ করেছেন ফটিকছড়ি উপজেলার ধুরুং ইউনিয়নের বাসিন্দা মো. হাসান।
এ ব্যাপারে মৃদুল কান্তি চাকমা আরো জানান, নতুন আরেকটি ট্রান্সফরমার স্থাপন না করা পর্যন্ত এ অবস্থার উন্নতি হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/ডিডি/০০৫৬ ঘ.
bdnews24