বাগেরহাট, সেপ্টম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে বাগেরহাটের রামপাল-ভাগা-রূপসা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে অন্য যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার সকাল থেকে এই ধর্মঘট চলছে বলে জানান রূপসা (খুলনা)-বাগেরাহট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. নূরুল হক লিপন।
গত ২৯ অগাস্ট এই সড়কের শ্রীফলতলায় নসিমন চাপায় এক বাসচালকের মৃত্যু হয়। এর জেরে শনিবার সকালে বাস শ্রমিক ও নসিমন চালকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়।
রূপসা (খুলনা)-বাগেরাহট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. নূরুল হক লিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৯ আগস্ট নসিমন চাপায় বাসচালক নিহত হবার পর থেকে রামপাল-ভাগা-রূপসা সড়কে নসিমন চলাচল বন্ধ ছিল।
শনিবার সকাল থেকে আবার নসিমন চালানোর সিদ্ধান্ত নেয় তারা। সাড়ে ৯টার দিকে রামপাল বাসস্ট্যান্ডের কাছে বাস শ্রমিকরা একটি নসিমন জ্বালিয়ে দেয়। এতে কয়েকজন নসিমন চালক শ্রীফলতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে ভাংচুর করে এবং চালককে মারধট করে।
এর জেরে এই রুটে অবৈধভাবে চলাচলকারী নসিমন বন্ধের দাবিতে বাস শ্রমিকরা ধর্মঘট শুরু করে।
রামপাল থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, শ্রমিকদের হামলা ও পাল্টা হামলার ঘটনায় রামপাল-ভাগা-রূপসা সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে বাসন শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.
bdnews24