ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল, ফেনী, যশোর, ময়মনসিংহ, চাঁদপুর ও রংপুরে শনিবার সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫৫ জন।
এরমধ্যে রয়েছে টাঙ্গাইলের কালীহাতীতে পাঁচ জন, ফেনীর মুহুরীগঞ্জ ও সদরে দুই জন, যশোরের কোতোয়ালি থানায় দুই জন, ময়মনসিংহের ত্রিশালে মা ও মেয়ে, চাঁদপুরের হাজিগঞ্জে একজন এবং রংপুর শহরতলীতে তিনজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল: দুপুর ৩টায় বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা সড়কে কালিহাতী উপজেলার সল্লায় বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত ও চারজন আহত হয়েছে।
নিহতরা হলেন বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী রাফি আল জাবিন (৪৫), তার ছেলে সামি আল জাবিন (১৬), শ্বশুর এটিএম মজিবর রহমান (৬০), গৃহকর্মী জোবেদা আক্তার (৩২) এবং আশরাফ (১৬)।
আহত হয়েছেন রাফির স্ত্রী কানিজ আল জাবিন (৩৫), ছেলে ফাইজা আল জাবিন (৫), বাসের চালক রংপুরের মুনানগর গ্রামের ইসমাইল হোসেন (৪০) এবং যাত্রী মনিরুল (৩০)।
রাফি সপরিবারে ঢাকা ফিরছিলেন। তার বাসা ধানমন্ডিতে।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি হেলালুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই জিপের পাঁচ যাত্রী নিহত হয়। আহত চার জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
ফেনী: মুহুরীগঞ্জে সকাল ১০টায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে গেলে ঘটনাস্থলেই সুফিয়া আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হন।
দুর্ঘটনায় আহত সুফিয়ার শ্বাশুড়ি পেয়ারা বেগম (৫০), জাহাঙ্গীর (৪৫) ও শাহাবুদ্দিনকে (৫০) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হেসেন সাংবাদিকদের জানান, নিহত সুফিয়া ছাগলনাইয়ার বক্সমাহমুদ গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।
সুফিয়া ওই দোকানের সামনে দাঁড়ানো ছিলেন বলে জানান এসআই।
ফেনীর অন্য দুর্ঘটনাটি ঘটে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট এলাকায় দুপুর ১টার দিকে।
সদর থানার ওসি নাজির উদ্দিন জানান, যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও টেম্পুর মধ্যে সংঘর্ষে সাইদুল হক (২৩) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত অটোরিকশা যাত্রী সাইদুল উপজেলার শিলুয়া গ্রামের হোসেন আহাম্মদের ছেলে।
এসময় আহত আরো ৪/৫ জনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
যশোর: রূপদিয়ার চাউলিয়ায় সকাল সাড়ে ১১টার দিকে পিকআপ-নছিমনের মধ্যে সংঘর্ষে দুই চামড়া ব্যবসায়ী নিহত ও অন্তত আট জন আহত হয়।
নিহতরা হলেন নসিমন যাত্রী চাউলিয়া গ্রামের অজিত দাস (৫০) ও ইকবাল হোসেন (৩৫)।
আহত সুখলাল দাস জানান, বেলা সাড়ে ১১টায় দিকে নছিমনে করে চামড়া ব্যবসায়ীরা রাজারহাটে আসছিলেন। এসময় খুলনা থেকে আসা মাছবাহী একটি পিকআপ নসিমনটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। তখন নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই অজিত ও ইকবালের মৃত্যু হয় বলে জানান সুখলাল।
কোতোয়ালি থানার ওসি ইমদাদুল শেখ জানান, আহতদের মধ্যে আট জনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নসিংহ: ত্রিশালে দুর্ঘটনাটি ঘটে বিকাল সাড়ে ৪টায়।
ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, উপজেলার চেলেরঘাটে একটি টেম্পুকে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই টেম্পুযাত্রী মা ও মেয়ে নিহত হয়। আহত হয় আরো পাঁচ টেম্পুযাত্রী।
নিহতরা হলেন রহিমা বেগম (৪০) এবং তার মেয়ে সালমা আক্তার (১১)। তারা ত্রিশালের ভোলাভিটা গ্রামের বাসিন্দা।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
চাঁদপুর: হাজীগঞ্জ উপজেলায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।
নিহত অটোরিকশা যাত্রী মো. আমিনুল ইসলাম (৩২) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার উদমপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে।
হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, উপজেলার খাটরা বিলওয়াই এলাকায় একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় আহত তিন অটোরিকশা যাত্রীর মধ্যে টিপু (২৫) ও মোহনকে (২৬) হাজীগঞ্জ ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর: শহরতলীর সিও বাজারের কাছে মন্থনা এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। আহত হয় ৩০ জন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন কুড়িগ্রামের আইয়ুব আলী (৩০) ও রংপুরে চন্দনপাট গ্রামের কুশন্তি রানী (২৮)। নিহত অট বছরের এক শিশুর পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, বাসটি নীলফামারী থেকে রংপুর যাচ্ছিলো।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২৫ ঘ.
bdnews24