ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুই শিশু সন্তানসহ এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে তার স্বামী জানিয়েছেন।
শনিবার ভোরে আমোদাবাদ গ্রামের প্রমোদ দাসের স্ত্রী ভগবতী রানী দাস (২৮), তার ছেলে বিজয় দাস (৫) ও তপু দাসকেও (২) মুমূর্ষু উদ্ধার করে হাসপাতালে পাঠায় প্রতিবেশীরা।
সকালে আখাউড়া হাসপাতালে ভগবতী ও তপুর মৃত্যু হয়। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় মৃত্যু হয় বিজয় দাসের।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে ভগবতীর স্বামী প্রমোদ দাস এবং শাশুড়ি সরস্বতী দাসকে আটক করা হয়েছে।
আখাউড়া থানার ওসি মুনিরুল ইসলাম প্রতিবেশীর বরাত দিয়ে জানান, অভাব অনটন আর পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রমোদ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তিনি মাছ ধরতে যান। সকাল ৭টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে এই তিনজনকে আখাউড়া হাসপাতালে পাঠায়।
তিনি আরো বলেন, ঘরের মধ্যে খাওয়ার পাত্রসহ কিছু হরলিকস পড়ে থাকতে দেখে ধারণা করা হচ্ছে তারা হরলিকসের সঙ্গে কীটনাশক পান করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৭ ঘ.
bdnews24