২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের সফরেই তিস্তাচুক্তি: রমেশ চন্দ্র

তিস্তা নদীর পানিবণ্টনে বাংলাদেশ ও ভারতের মধ্যে মনমোহন সিংয়ের আসন্ন সফরেই চুক্তিস্বাক্ষর হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা নদীর পানিবণ্টনে বাংলাদেশ ও ভারতের মধ্যে মনমোহন সিংয়ের আসন্ন সফরেই চুক্তিস্বাক্ষর হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতোমধ্যে স্বাক্ষরিত খসড়া চুক্তির শর্ত অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষর হবে। শনিবার সন্ধায় মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পানিসম্পদমন্ত্রী একথা জানান। দুদিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে আসার কথা রয়েছে। তার সঙ্গে ভারতের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আসার কথা। রমেশ চন্দ্র সেন বলেন, "বাংলাদেশ ও ভারত ইতোমধ্যেই একটি খসড়া চুক্তি স্বাক্ষর করেছে। এতে সব শর্তই চূড়ান্ত করা হয়েছে। এ শর্ত অনুযায়ীই চুক্তি স্বাক্ষর হবে। "আগামী ৬ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষরের পরই এসব শর্ত প্রকাশ করা হবে। কোন কিছুই গোপন রাখা হবে না।" পানিবণ্টনের শর্ত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "যেখানে একটি খসড়া চুক্তি হয়েছে, সেখানে কারো কোন আপত্তি থাক বা না থাক, কিছু যায় আসে না। আগের চুক্তি অনুযায়ীই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে। এতে কোনো সমস্যা হবে না।" বৃহস্পতিবার ভারতের লোকসভার সদস্য আবু হাসেম খান চৌধুরী বিবিসিকে বলেন, "মনমোহন সিংয়ের সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি হলে বাংলাদেশ ২৫ শতাংশ এবং ভারত ৭৫ শতাংশ পানি পাবে।" অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও শিব শংকর মেননের বৈঠকের বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন অনলাইন সংস্করণে জানিয়েছিল, খসড়া চুক্তি অনুযায়ী শিলিগুড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে ভারতের গজলডোবা পয়েন্টে তিস্তায় প্রবাহিত পানির পরিমাণ হিসাব করে দু'দেশের মধ্যে পানিবণ্টন হবে। ৪৬০ কিউসেক হারে পানির সঞ্চয় রেখে বাকি পানির ৫২ শতাংশ নেবে ভারত, ৪৮ শতাংশ পাবে বাংলাদেশ। এদিকে মনমোহনের সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে ইতিমধ্যে ঢাকা সফর করে যাওয়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন শনিবার আকস্মিক সফরে আবার ঢাকা এসেছেন। এ প্রসঙ্গে রমেশ চন্দ্র সেন বলেন, "এর সঙ্গে পানিবণ্টন চুক্তির কোনো সম্পর্ক নেই। কারণ এ চুক্তির সবকিছুই চূড়ান্তই হয়ে রয়েছে। দুই প্রধানমন্ত্রী আলোচনা করেই এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করবেন। এ নিয়ে এ পর্যায়ে আলোচনার কিছুই নেই।" '৬ সেপ্টেম্বর পানিবণ্টন চূড়ান্ত হবে' যৌথ-নদী কমিশনের (জেআরসি) পানিসম্পদমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনসাল শনিবার বাংলাদেশে আসার কথা থাকলেও তিনি আসেননি। এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি রমেশ চন্দ্র। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জেআরসি'র বৈঠকের দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। তাই তিনি বাংলাদেশে আসেননি। আগামী ৫ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসবেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তিস্তার পানি ভাগাভাগি নিয়ে ৬ সেপ্টেম্বর ঢাকায় যৌথ নদী কমিশনের ফিরতি বৈঠক হবে। দুই দেশের পানিসম্পদমন্ত্রী এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি ভাগাভাগির হিসাব চূড়ান্ত অনুমোদন হবে। এরপরই তা দুই প্রধানমন্ত্রীর স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তিস্তার পানি নিয়ে উভয় দেশের মধ্যে প্রস্তাবনা চালাচালিতে বাংলাদেশ তিস্তার পানির সম-হিস্যা দাবি করেছে। তবে মোট পানির ২০ শতাংশ নদীর অস্তিত্ব রক্ষায় ছেড়ে দিতে হবে। বাকি অংশ ভাগ হবে সমানভাবে। তবে এতে রাজি হয়নি ভারত। তাদের মতে, তিস্তার পানি সমভাবে বণ্টন সম্ভব নয়। ভারতের কেন্দ্রীয় সরকারের প্রস্তাবনায় অনুযায়ী, তিস্তা নদীর নাব্যের জন্য ১০ ভাগ পানি থাকবে। অবশিষ্ট পানির ৫৫ ভাগ ভারত ও ৪৫ ভাগ বাংলাদেশ পাবে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে ৩০ বছর মেয়াদি চুক্তি হয়। দিল্লীতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই চুক্তিতে স্বাক্ষর করেন। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উপস্থিত ছিলেন। এর ১৫ বছর পর এবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে তিস্তা নদীর পানি ভাগাভাগি নিয়ে আরও একটি চুক্তি হতে যাচ্ছে। চুক্তির আগেই যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক জেআরসি'র ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পানিসম্পদমন্ত্রী পবন কুমার বংশাল। এজন্য তিনি ঢাকায় আসবেন ৫ সেপ্টেম্বর। তার নেতৃত্বে ঢাকায় আসছেন ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। এ দলে রয়েছেন- পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী, ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী, কেন্দ্রীয় পানিসম্পদ সচিব ডি ভি সিং, সিডব্লিউসি সদস্য এসপি কাকরান, ত্রিপুরার বিদ্যুৎ ও পানিসম্পদ উন্নয়ন বিভাগের মুখ্য সচিব ওয়াইপি সিং, পশ্চিমবঙ্গের আইএন্ডডব্লিউডি সচিব এ কে চ্যাটার্জি, কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের কমিশনার (গঙ্গা) দেবেন্দ্র শর্মা ও সীমান্ত নদী বিষয়ক বিশেষজ্ঞ টি এস মেহেরা। এছাড়া পানিসম্পদমন্ত্রীর একান্ত সচিব রাহুল ভাণ্ডারি এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একজন প্রতিনিধিও এতে থাকবেন। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর বেলা ৩টায় দুই দেশের পানিসম্পদমন্ত্রী বৈঠকে বসবেন। এদিনই উভয় দেশের পানিসম্পদ মন্ত্রী তিস্তা নদীর পানি ভাগাভাগি নিয়ে অন্তবর্তীকালীন ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষর করবেন। এরপর ৭ সেপ্টেম্বর উভয় দেশের পানিসম্পদমন্ত্রী বৈঠক করবেন অভিন্ন অন্য নদীর পানিসহ বিভিন্ন বিষয়ে। তিস্তার পানিবণ্টন: তিন পক্ষের প্রস্তাবনা পানিবণ্টন চুক্তির জন্য বাংলাদেশের প্রস্তাব হলো- নাব্যের জন্য ২০ ভাগ পানি রেখে তিস্তার পানি সমভাবে বণ্টন হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের প্রস্তাবনায় বলা হয়েছে- তিস্তা নদীর নাব্যের জন্য ১০ ভাগ পানি থাকবে এবং অবশিষ্ট পানির ৫৫ ভাগ ভারত ও ৪৫ ভাগ বাংলাদেশ পাবে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিকল্প প্রস্তাব হলো- তিস্তার নাব্যের জন্য ১০ ভাগ পানি রেখে বাকি পানির ৮৩ ভাগ পাবে পশ্চিমবঙ্গ এবং ১৭ ভাগ পাবে বাংলাদেশ। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চায় তিস্তার পানি সর্বমোট নদীসীমার (ক্যাচমেন্ট এরিয়া) ভিত্তিতে ভাগ হোক। এ হিসাবে তিস্তায় ভারতের নদীসীমার (ক্যাচমেন্ট এরিয়ার) পরিমাণ ১০ হাজার ৫৫ বর্গ কিলোমিটার। আর বাংলাদেশের নদীসীমার পরিমাণ দুই হাজার চার বর্গ-কিলোমিটার। এই প্রস্তাবনার ক্ষেত্রে বাংলাদেশের আপত্তি রয়েছে। তিস্তা নদীর পানিবণ্টন প্রস্তাবনায় উভয় দেশই অক্টোবর থেকে মে পর্যন্ত সময়কে 'শুষ্ক মৌসুম' হিসাবে উল্লেখ করেছে। ভারতের প্রস্তাবনায় পানিবণ্টন প্রক্রিয়াটি ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত চালু রাখার কথা বলা হয়। বাংলাদেশ চায় তিস্তা চুক্তিতে পানিবণ্টনের বিষয়টি যেন ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত উল্লেখ থাকে। ভারতের প্রস্তাবনায় বলা হয়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবা নামক এলাকায় যেখানে ভারত 'গজলডোবা বাঁধ' নির্মাণ করেছে, সেই বাঁধের স্থানে জমা হওয়া পানিই উভয় দেশ 'ন্যায়সঙ্গতভাবে বণ্টন' করে নেবে। তবে এই 'ন্যায়সঙ্গত বণ্টনের' ভিত্তি কী হবে তা ভারতের প্রস্তাবনায় বলা হয়নি। ফেনী নদীর পানি উত্তোলন ভারত চুক্তিতে ফেনী নদী থেকে শুষ্ক মৌসুমে পানি উত্তোলনের কথা বলেছে। প্রতিদিন কি পরিমাণ পানি এই নদী থেকে উত্তোলন করা হবে তা নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে। ভারত চাইছে ফেনী নদী থেকে প্রতিদিন কমপক্ষে পাঁচ কিউসেক পানি উত্তোলন করতে। এ ক্ষেত্রে বাংলাদেশ বলছে দুই কিউসেকের বেশি পানি নেওয়া হলে তা নদীটির জন্য সমস্যা সৃষ্টি করবে। ভারত কয়েক বছর ধরেই ফেনী নদী থেকে পানি উত্তোলন করে সেচ প্রকল্প ও পানি শোধনাগার প্ল্যান্ট চালানোর অনুমতি চাইছে। ত্রিপুরায় সাবরুম ও বিলোনিয়া এলাকায় সেচ প্রকল্প এবং সুপেয় পানির সংকট নিরসনে শোধনাগারে নেওয়ার জন্য 'লিফ্ট পাম্পে'র মাধ্যমে প্রতিদিন ফেনী নদী থেকে কমপক্ষে ৭৫ কিউসেক পানি উত্তোলনের অনুমতি চেয়েছে ভারত। এ ব্যাপারে বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের অভিমত, ফেনী নদী থেকে ভারত শুষ্ক মৌসুমে পানি উত্তোলন করলে বাংলাদেশের মুহুরি সেচ প্রকল্প ব্যাপকভাবে হুমকির মুখে পড়বে। এই নদী একেবারে পানিশূন্যও হয়ে যেতে পারে। এমনিতেই শুষ্ক মৌসুমে ফেনী নদীর পানি কমে ৪০০ থেকে ৪৫০ কিউসেকে এসে দাঁড়ায়। এক্ষেত্রে দুই দেশ প্রাথমিকভাবে এ নদী থেকে মাত্র দুই কিউসেক করে পানি তোলার ব্যাপারে একমত হয়েছে। তবে চূড়ান্ত স্বাক্ষরের আগে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে এ নিয়ে আবারো আলোচনা হবে। এতে শেষ পর্যন্ত উভয় দেশের পানি তোলার পরিমাণ বেড়ে ৬০ কিউসেক পর্যন্ত দাঁড়াতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফেনী নদীর উৎপত্তি খাগড়াছড়ি জেলার পার্বত্য এলাকা থেকে। নদীটি খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনী জেলার মাটিরাঙ্গা, মিরেশ্বরাই, ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর মুখ সন্দ্বীপ চ্যানেল। ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই নদীতে নাব্য সংকট দেখা দেয়। ভারতের পক্ষ থেকে এই সময়ের জন্যই ফেনী নদীর পানি উত্তোলনের অনুমতি চাওয়া হয়েছে। অন্য নদীর পানি নিয়ে আলোচনা বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী মনু, মুহুরি, খোয়াই, গুমতি, ধরলা ও দুধকুমার নদীর পানিবণ্টন নিয়েও আলোচনা করেন। ভারত কৃষ্ণনগর ও রইচপুরে মহানন্দা নদী তীর শাসন এবং রাইগঞ্জে করতোয়া, নাগর ও আত্রাই নদী ভাঙ্গন প্রতিরোধে তাদের বাঁধ নির্মাণ কার্যক্রমও চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছে বলে জানা গেছে। জানা যায়, ইছামতি নদীর ভারতীয় অংশে ড্রেজিংয়ের ব্যাপারে বাংলাদেশ সম্মতি দিয়েছে। বন্যা থেকে রক্ষায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় ইছামতি নদীর ২০ কিলোমিটার এলাকা ড্রেজিংয়ের বিষয়টি তারা বারবার আলোচনার টেবিলে নিয়ে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৪৯ ঘ.