ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী থেকে মলম পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- শহিদুল ইসলাম (৩৫), মোকসেদুল ইসলাম (৩২), নুরুজ্জামান (২৮), জাকির হোসেন (২৬) ও বাবুল (৩০)।
শুক্রবার রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
শেরে বাংলা নগর থানার ওসি মো. জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বলাকা পরিবহনের একটি বাসে এ চক্রটি ছিলো।
তিনি বলেন, "তারা আনারুল ইসলাম নামে এক কন্সটেবলকে মারধর করে টাকা ও ২টি মোবাইল সেট নিয়ে চোখে মলম লাগিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তায় নামিয়ে দেয়।"
আনারুল সাদা পোশাকে ফার্মগেট থেকে মিরপুর যাওয়ার জন্য বাসটিতে উঠেছিলেন বলে জানান ওসি।
তিনি বলেন, "কিছুক্ষণ পর ওই বাসটি আবার বিপরীত লেন দিয়ে ফিরে আসার সময় টহল পুলিশ বাসটিকে ধাওয়া করে মহাখালী আমতলী থামিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় দুইজন পালিয়ে যায়।"
ওসি জানান, তাদের কাছে আনারুলের একটি মোবাইল উদ্ধার করা হয় এবং বিভিন্ন ধরনের মলমের কৌটা পাওয়া যায়।
মলম পার্টির মোকসেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুলতান নামে এক চালকের কাছ থেকে বাসটি এক রাতের জন্য পাঁচ হাজার টাকায় ভাড়া নেন তারা।
তিনি বলেন, "তারা রাতে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে ফিরে যাত্রীদের টাকা পয়সা নিয়ে চোখে মলম লাগিয়ে রাস্তায় নামিয়ে দেয়।"
ওসি জানান, বাসটির মালিকের একজন প্রতিনিধি বাসটি ছিনতাই হয়েছে বলে থানায় জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এসইউ/পিডি/১৮৫২ ঘ.
bdnews24