কুষ্টিয়া, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় একটি বিদেশি পিস্তলসহ সরকার সমর্থক ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে র্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে দুই ব্যক্তি।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম মীর সাইফুল ইসলাম (২৫)। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তার বাড়ি জেলা শহরের কোর্টপাড়ার নারিকেল তলা এলাকায়।
সাইফুলের কাছে একটি বিদেশি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি পাওয়া গেছে বলে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সারোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার ভোররাতে (রাত দেড়টার দিকে) সদর থানা পুলিশের একটি দল কুষ্টিয়া সরকারি কলেজের শহীদ জিয়া ছাত্রাবাসের একটি কক্ষে অভিযান চালায়। সেখানে সাইফুল ছিলেন। ওই কক্ষ তল্লশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়।
সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে এএসপি জানান।
র্যাবের অভিযানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে দৌলতপুর উপজেলায়। তারা হলেন- রুহুল সরদার (৩৫) ও আশরাফুল ইসলাম (৩০)।
তাদের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্র পাওয়া গেছে বলে র্যাব-১২ কুষ্টিয়া ফাঁড়ির অধিনায়ক ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার রাত ৯ টার দিকে খাদিম বাজার থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রুহুল ও আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রাত সাড়ে ৩টার দিকে চরসাদিপুর গ্রামে রুহুলের বাড়ি তল্লাশি করে আরো একটি রিভলবার, একটি বন্দুক, ২ রাউন্ড বন্দুকের কার্তুজ, একটি ছোরা ও একটি ধারালো সড়কি উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ওসি মাসুদুল আলম জানান, রুহুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় আগেও মামলা ছিলো। অস্ত্র আইনে নতুন করে একটি মামলা হয়েছে। তাতে আশরাফুলকেও আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৫ ঘ.
bdnews24