মৌভীবাজার, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে শুক্রবার রাতে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া সদর উপজেলায় পৃথক এক অভিযানে পুলিশ তিনশ' গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে।
শমসেরনগর ফাঁড়ির উপ-পরিদর্শক আইমুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে শসসেরনগর এয়ারপোর্ট সড়কে একটি ঘর থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এরমধ্যে রয়েছে ব্যাকপাইপার, কিংফিশার ও ডিরেক্টার স্পেশাল ৫৩ বোতল, রিকোডেক্স ২১ বোতল এবং ফেন্সিডিল ১০ বোতল।
স্থানীয় এক ডাক্তারের ওই ঘরটিতে কেয়ারটেকার হিসেবে থাকেন লুৎফা বেগম (৪৫) নামে এক মহিলা।
তার ঘরের মেঝে ও সীমানা প্রাচীরের পাশে মাটির নিচে এ বোতলগুলো লুকানো ছিল।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, দীর্ঘদিন থেকে লুৎফা বেগম মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে যুক্ত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার শেরপুর বাসস্ট্যান্ড থেকে তিনশ' গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নুনু মিয়ার (৫০) বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.
bdnews24