গাজীপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভবানীপুরে একটি পিকআপ ভ্যানের সঙ্গে একট প্রাইভেট কারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে এক শিশুসহ পাঁচ জন।
শুক্রবার সকাল ৭টায় ভবানীপুরের ফু-ওয়াং ফুডসের কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
হতাহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কারো পরিচয় পাওয়া যায়নি।
মহাসড়ক পুলিশের নাওজোড় ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী প্রাইভেটকারটির সঙ্গে বিপরীতগামী মুরগির খাঁচা ভর্তি একটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়।
দুটি গাড়ির চালকই পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাবিবুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৪২৪ ঘ.
bdnews24