গোপালগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক নারীকে উত্ত্যক্ত করায় গোপালগঞ্জে দুই যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল ১১টায় কোটালীপাড়ার নির্বাহী হাকিম মুহাম্মদ সাহাদাৎ খোন্দকার এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- কোটালীপাড়া উপজেলার কাফুলাবাড়ি গ্রামের ধীরেন্দ্র নাথ মধুর ছেলে লিটন মধু এবং জহরেরকান্দি গ্রামের মৃত মন্টু লাল হালদারের ছেলে বিপ্লব হালদার।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক এসআই সুমন ভক্ত সাংবাদিকদের জানান, ওই দুই যুবক সকাল ৮টার দিকে ভুতেরবাড়ি গ্রামের এক গৃহবধূকে উত্ত্যক্ত করে। তখন স্থানীয়রা তাদের ধরে পুলিশে দেয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লিটন ও বিপ্লবকে সাজা দেওয়া হয় বলে সুমন ভক্ত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.
bdnews24