২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইশ' ভরি স্বর্ণ চুরি রংপুর ও বরিশালে

রংপুর ও বরিশালে দু'টি জুয়েলারি দোকান থেকে প্রায় আড়াইশ' ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও বরিশালে দু'টি জুয়েলারি দোকান থেকে প্রায় আড়াইশ' ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এরমধ্যে রংপুর শহরের উত্তরা জুয়েলার্সের প্রায় একশ' ভরি এবং বরিশাল নগরীর বধূয়া জুয়েলার্সের ১৫২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা। রংপুরে চুরি হয় মঙ্গলবার অথবা বুধবার এবং বরিশালে হয় বুধবার রাতে। এই দুই ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। রংপুর প্রতিনিধি জানান, শহরের জাহাজ কোম্পানি মোড়ে গোল্ডেন টাওয়ার নামের মার্কেটে এ চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ। জুয়েলার্সটির মালিক মমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ২টায় দোকান বন্ধ করার সময় তিনি প্রায় একশ' ভরি স্বর্ণালঙ্কার সিন্দুকে ভরে রেখে যান। বুধবার ঈদের কারণে দোকান বন্ধ ছিলো। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখতে পান দোকানের পাঁচটি তালাই ভাঙা। কোতোয়ালী থানার ওসি আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, এ ব্যাপারে দোকান মালিক থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মার্কেটের নৈশ প্রহরী সামসুল ইসলাম, হোটেল বয় দিলীপ ও সাগর এবং লিফটম্যান সুভাষকে আটক করা হয়েছে। বরিশাল প্রতিনিধি জানান, নগরীর কাটপট্টি রোডে বধূয়া জুয়েলার্সে চুরির ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। জুয়েলার্স মালিক সত্যজিত কর্মকার বলেন, বুধবার রাত সাড়ে ৮টায় জুয়েলার্স বন্ধ করে তিনি বাসায় যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এসে দেখতে পান জুয়েলার্সের কলাপসিবল গেট ও শাটার ভাঙা। জুয়েলার্সের সিন্দুক থেকে ১৫২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে তিনি জানান। কোতোয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কাটপট্টি রোডের দুই নৈশ প্রহরী মতিন (৩০) ও মোজাম্মেলকে (২৮) আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি শাবল এবং একটি র‌্যাঞ্চ উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, চুরির ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/িিসএস/ডিডি/২০৪০ ঘ.