ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার জেলায় বৃহস্পতিবার বিভিন্ন ঘটনায় সংঘর্ষে অন্তত ৪৯ জন আহত হয়েছে।
এরমধ্যে রয়েছে ঝিনাইদহে ২৫ জন, সিরাজগঞ্জে ১১ জন, গাইবান্ধায় দুই ঘটনয় তিন আওয়ামী লীগ নেতা এবং জয়পুরহাটে ১০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, শৈলকুপা উপজেলায় শাপখোলা গ্রামে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আট জনকে শৈলকুপা ও সাত জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক।
হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের ওসি মো. আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের ঝন্টু ও মন্নু মাতুব্বরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। বুধবার ঈদের শিরনী খাওয়া নিয়ে তাদের সমর্থকদের মধ্যে বিবাদের জের ধরে বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে ঢাল, শরকী, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, কালাই উপজেলায় জুয়া খেলা বন্ধ করাকে কেন্দ্র করে গ্রামবাসী ও জুয়াড়িদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার চর বাখরা গ্রামের চানবিল খাল পাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানায়, দীর্ঘদিন ধরে চানবিল খালের পাড়ে স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি নিয়মিত জুয়ার আসর বসাতো।
দুপুরে সেখানে জুয়ার আসর বসলে পাশের জমির মালিক তাতে বাধা দেয়। এ সময় জুয়ারিরা জমির মালিক চর বাখরা গ্রামের জিন্নাহ ও জামিলকে বেদম মারধর করে।
খবর পেয়ে বিক্ষুদ্ধ গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে লাঠি-সোটা নিয়ে জুয়াড়িদের ধাওয়া করে। এসময় জুয়াড়িরা গ্রামবাসীদের পাল্টা ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুই গ্রামবাসী ও আট জুয়াড়ি আহত হয়।
আহতদের চিকিৎসার জন্য বগুড়া নিয়ে যাওয়া হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
কালাই থানার ওসি সুব্রত কুমার জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার পরপরই সকলে পালিয়ে যায়। আহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সদর উপজেলার চরহাসনা গ্রামে বুধবার সন্ধ্যায় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছে।
সংঘর্ষে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে।
গুরুতর আহত পাঁচ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আতিকুর রহমান হীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন যাবত গ্রামের সাইফুল ইসলাম মিন্টু ও চাঁন মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য বুধবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন বৈঠকে বসে।
এসময় দুই পক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম মিন্টু (৪২), তার তিন ছেলে তাজেল (২৮), বিপ্লব (২৬) ও শিহাব (২৪)।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল এলাকা থেকে চাঁন মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
রাতেই সাইফুল ইসলাম মিন্টু'র স্ত্রী পিয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
গাইবান্ধা প্রতিনিধি জানান, সাদুল্লাপুর উপজেলায় যুবলীগ ও শ্রমিক লীগের পৃথক দু'টি হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতাসহ তিন জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে তুলসীঘাট সড়কের পুরাতন বোর্ড ঘর মোড় এবং হাসপাতাল মোড়ে এ দুটি ঘটনা ঘটে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছেন।
আহতরা হলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, যুবলীগকর্মী সাজু মিয়া ও ছাত্রলীগকর্মী মুরাদ হোসেন।
নেতা-কর্মীরা জানান, স¤প্রতি অনুষ্ঠিত উপজেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দলীয় দ্বন্দ্বের জের ধরে হামলার এ ঘটনা ঘটে।
সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুর আলম ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে উপজেলা সদর থেকে শেরপুর গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাত পৌনে ১০টার দিকে তুলসীঘাট সড়কের পুরাতন বোর্ড ঘর মোড়ে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।
এসময় উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক রানা ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন জুয়েল তাদের সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে সেখানে গিয়ে মতিয়ারকে গালিগালাজ ও মারধর করে গায়ে কেতলির গরম পানি ঢেলে দেয়।
নুর আলম ম- জানান, এরপর সেখান থেকে দৌড়ে পালিয়ে আসেন মতিয়ার। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
তিনি আরো জানান, এর আগে রাত ৯টার দিকে ওই রানা ও জুয়েলের নেতৃত্বে কয়েকজন হাসপাতাল মোড় এলাকায় ছাত্রলীগকর্মী মুরাদ হোসেন ও যুবলীগকর্মী সাজুকেও মারধর করে। ওই মোড়ে ঈদ উপলক্ষে স্থানীয় ছাত্রলীগের কিছু কর্মী সামিয়ানা টাঙ্গিয়ে কোমল পানি বিক্রি করছিলো।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা দুটির কথা শুনেছি। তবে এখনো কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ করেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/সিএস/ডিডি/১৭৪৭ ঘ.
bdnews24