গোপালগঞ্জ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যারাম খেলা নিয়ে গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে। এসময় দুইটি বাড়ি ও তিনটি দোকানে ভাংচুর করা হয়।
বুধবার দুপুরে কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ি ও বংকুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে ইলিয়াস শেখ (৩৫), আকতার শেখ (৪০), মফিজ খান (২৫), মুজু খান (৪৮), ফায়েক খান (৫০), সাইফুদ্দিন শেখ (২৫) ও সবুজসহ (২২) অন্তত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া আরো অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বংকুরা গ্রামের বাসিন্দা ও ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা শাহাবুল হোসেন ইমন জানান, মঙ্গলবার বিকালে মাঝবাড়ি গ্রামে ক্যারাম খেলা নিয়ে রবি ও অলির সঙ্গে বংকুরা গ্রামের সালাহ উদ্দিন ও ফয়সালের কথা কাটাকাটি হয়।
পরে সালাহ উদ্দিন ও ফয়সাল মাঝবাড়ি গ্রামে ধান ভাঙ্গাতে গেলে রবি ও অলি তাদের মারধর করে।
এ ঘটনার জের ধরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দু'গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া জানান, দুপুর আড়াইটার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24