ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট হ্যাকারদের 'দখলমুক্ত' হয়েছে।
আক্রান্ত হওয়ার অন্তত ১৫ ঘণ্টা পর সক্রিয় হয় বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (http://railway.gov.bd) । অন্যদিকে পুলিশের ওয়েবসাইটটি (http://police.gov.bd) এখন হ্যাকারদের 'দখলে' নেই বলে জানিয়েছেন পুলিশের সুপারিন্টেনডেন্ট (টেলিকম) রফিকুল ইসলাম গণি।
বুধবার বিকেলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইটটি এখন হ্যাকারদের দখলে নেই। তবে আমাদের লোকবল সংকটের কারণে সাইটটি সক্রিয় হতে আরো দুয়েকদিন সময় লাগবে।"
এদিকে বুধবার বিকেল ৪টার পর থেকে রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।
বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট আক্রান্ত হয় মঙ্গলবার রাতে।
বুধবার দুপুরে আক্রান্ত হওয়া বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের একাধিক শীর্ষ কর্মকর্তাকে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি।
গত ৯ জানুয়ারি আক্রান্ত হয় বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব সার্চ ইঞ্জিন গুগলের বাংলাদেশ ডোমেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিসি/এএমটি/পিডি/১৮৫১ ঘ.
bdnews24