২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোলাকিয়ায় নামাজ পড়লেন তিন লাখ মানুষ

লাখ লাখ মুসলমানের অংশগ্রহণে প্রতিবারের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

কিশোরগঞ্জ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম)- লাখ লাখ মুসলমানের অংশগ্রহণে প্রতিবারের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সকাল ১০টায় শুরু হওয়া এবারের জামাতে প্রায় তিন লাখ মুসল্লী একসঙ্গে নামাজ আদায় করেছেন বলে জানান ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। ১৮২৮ সনে অনুষ্ঠিত হওয়া প্রথম জামাতের হিসাবে শোলাকিয়া ময়দানের এবারের জামাত ছিল ১৮৪তম ঈদ জামাত। জামাত পরিচালনা করেন মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। নামাজ শেষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান স¤প্রদায়ের শান্তিু ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, পেশাজীবি নেতারাসহ সব স্তরের মানুষ জামাতে অংশ নেন। দেশের সর্ববৃহৎ এ জামাতে অংশগ্রহণ করতে সকাল থেকেই মানুষের ঢল নামে জেলা শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত শোলাকিয়া ঈদগায়ে। জামাত শুরুর এক ঘণ্টা আগেই প্রায় সাত একর আয়তনের বিশাল ঈদগাহ ময়দান পরিপূর্ণ হয়ে পড়ে। জায়গা না পেয়ে বিপুল সংখ্যক মানুষ ময়দানের বাইরের বিরাট এলাকা জুড়ে বিভিন্ন সড়কে ও বাড়ি-ঘড়ের আঙ্গিনায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন। ঈদগামুখি সব সড়কে ঈদ জামাতে অংশগ্রহণকারীদের অবস্থানের কারণে কয়েক ঘণ্টা এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ জামাতে অংশগ্রহণের জন্য একদিন আগে থেকেই কিশোরগঞ্জ এসে শোলাকিয়া ময়দানসহ পার্শ্ববর্তী মসজিদ ও গেস্ট হাউজগুলোতে অবস্থান নেন। দেশের বৃহত্তম ঈদ জামাতে মানুষের অংশ নেওয়ার সুবিধায় ময়মনসিংহ ও ভৈরব থেকে শোলাকিয়া 'ঈদ স্পেশাল' নামে কিশোরগঞ্জগামী দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে বাংলাদেশ রেলওয়ে। জামাতে অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণের জন্য জামাত শুরুর পাঁচ মিনিট আগে তিনটি, তিন মিনিট আগে দুটি এবং এক মিনিট আগে একটি শটগানের গুলি ফোটানো হয়। শান্তিুপূর্ণভাবে জামাত সম্পন্নের লক্ষ্যে মাঠের চারদিকে র‌্যাবসহ তিন শতাধিক পুলিশ ও সাদা পুলিশ মোতায়েন করা হয়। মাঠের ২৮টি প্রবেশমুখে মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের তল্লাশি করা হয়। এছাড়া শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক স্কাউট সদস্য দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭০১ ঘ.