ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় চাঁদরাতে নিজের ঘরে ঘুমের মধ্যেই বাসচাপায় নিহত হলেন বাবা ও ছেলেসহ তিনজন। এতে আহত হন আরো দুজন।
পুলিশ জানায়, উত্তরার ৯ নম্বর সেক্টরের স্লুইস গেট সংলগ্ন এলাকায় বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনমজুর শাহীন খান (৪০), তার ৮ বছরের ছেলে হৃদয় এবং একই বস্তির বাসিন্দা কাঞ্চন মিয়ার মেয়ে সালমা (১৮)।
আহত হয় শাহীনের স্ত্রী বিলকিস (২৬) ও মেয়ে সেলিনা (৯)। তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার ৯ নম্বর সেক্টরের মাথায় স্ল্যুইস গেট সংলগ্ন খাদে পড়ে যায়। এই খাদে গড়ে ওঠা বস্তির ঘরে ঘুমিয়ে থাকা শাহীন, হৃদয় ও সালমা ঘটনাস্থলেই মারা যান।
বাসটিকে আটক করা হলেও এর চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা রেজাউল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এএমটি/১১৩২ ঘ.
bdnews24