২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ১২৬ বন্দি

প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলো থেকে বেশ কিছু কারাবন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। ৬৭টি কারাগার থেকে মোট ১২৬ জন আসামি এবার মুক্তি পাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলো থেকে বেশ কিছু কারাবন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। ৬৭টি কারাগার থেকে মোট ১২৬ জন আসামি এবার মুক্তি পাচ্ছে। আসামিদের মুক্তিতে রাষ্ট্রপতির আদেশ সোমবার দুপুরে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম । প্রতিবছর দুই ঈদের আগে কারাগারগুলো থেকে বেশকিছু বন্দিকে মুক্তি দেওয়া হয়ে থাকে। আশরাফুল জানান, জেলকোডের ৫৯৪ ধারা অনুযায়ী যাদের বয়স ৮০ বছরের ওপরে অথবা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত, অন্ধ বা অর্থব এবং যাদের প্রাপ্ত সাজার অন্তত অর্ধেক পূরণ হয়েছে ইত্যাদি বিবেচনায় এসব বন্দিদের মুক্তি দেওয়া হয়। তিনি বলেন, "সন্ধ্যার মধ্যেই দেশের কারাগারগুলো থেকে এ বন্দিদের মুক্তি দেওয়ার কার্যক্রম শুরু হবে।" এর আগে ১৭ অগাস্ট রাষ্ট্রপতির আরেক আদেশে ১৮১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া হয়। যাদের সাজার বয়স অন্তত ২০ বছর পার হয়েছে, এমন বন্দিদের ভালো ব্যবহার ও চারিত্রিক সংশোধনের কারণে স্বাভাবিক জীবনে ফিরে যেতে মুক্তি দেওয়া হয়। আশরাফুল জানান, ১ অগাস্টের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের কারাগারগুলোতে ৭০ হাজারের কিছু বেশি বন্দি রয়েছে। এদের মধ্যে নারী ২৭৬৬ জন। এছাড়া মায়ের সঙ্গে কারাগারে রয়েছে ৬ বছরের কম বয়সী ৩৭৭ জন, কিশোর অপরাধী রয়েছে ৫৫ জন ও নিরাপদ হেফাজতে রয়েছে ৩৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএম/পিডি/১৯৩৬ ঘ.