২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রী বেড়েছে, বাড়েনি ট্রেন

দূরপাল্লার যাত্রায় ট্রেনের চাহিদা দিন দিন বাড়লেও বাড়েনি ট্রেনের সংখ্যা। তাই টিকিট নিয়ে প্রতিনিয়তই চলে হাহাকার। মো. মহিউদ্দিনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 04:30 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূরপাল্লায় যাত্রার নিরাপদ মাধ্যম হিসেবে রেলের চাহিদা বেড়েছে যাত্রীদের কাছে। ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রুটে যাত্রীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। তবে সে অনুপাতে ট্রেনের সংখ্যা অনেক কম। রেল ভ্রমণে মানুষের আগ্রহ বাড়ার কথা মেনে নিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা। তাদের মতে, ঢাকা-চট্টগ্রাম রুটে দুই জোড়ার বেশি ট্রেন চালু করলেও যাত্রী পেতে কোনো সমস্যা হবে না। স্থলপথের যাত্রায় যানজট, অতিরিক্ত ভাড়া, দুর্ঘটনার ঝুঁকি বেশি হওয়ায় যাত্রীরা রেলকে বেছে নিচ্ছেন। এছাড়া বন্দর নগরীর যানজট কমাতে আঞ্চলিক রুটগুলোতেও ট্রেন সার্ভিস চালু এবং তা আধুনিকায়নের ওপর জোর জোর দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে পাঁচ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীর চাহিদা ও চাপ সামাল দিতে এ রুটে অন্তত আরো দুই থেকে তিন জোড়া ট্রেন চালু করা প্রয়োজন। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম-ঢাকা রুটে দুই জোড়ার চেয়ে বেশি ট্রেন চালু করলেও যাত্রী পেতে সমস্যা হবে না। "বর্তমানে ট্রেনের টিকিটের চাহিদা ব্যাপক বেড়েছে। বিষয়টি আমরা বুঝলেও নানা সমস্যার কারণে ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না", বলেন তিনি। ঢাকা-চট্টগ্রাম রেললাইন দুই লেনের করার কাজ আগামী দুই বছরে শেষ হবে। তখন এ রুটে আরো দুই জোড়া ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান মহাব্যবস্থাপক। ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনে নিয়মিত যাতায়াতকারী বেসরকারি চাকরিজীবী সুমন চৌধুরী মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাত্রীর সংখ্যা এতই বেড়েছে যে কাউন্টারে টিকিট ছাড়ার প্রথম দিনেই শেষ হয়ে যায়। তাই নিয়মিতই কালোবাজারি ও দালালদের কাছ থেকে টিকিট কিনতে হচ্ছে।" ট্রেনের সংখ্যা বাড়ানো হলে যাত্রীদের হয়রানি বন্ধ হবে বলে মনে করেন তিনি। সুমন বলেন, এ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো এখন যাত্রীদের প্রাণের দাবি। এতে টিকিট কালোবাজারি যেমন কমবে, তেমনি যাত্রীদের নিরাপদ ভ্রমণও নিশ্চিত হবে। চট্টগ্রাম রেল স্টেশন ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন রেল যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। প্রতিদিনই চাহিদার বিপরীতে অর্ধেককেও আমরা টিকিট দিতে পারি না।" ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীদের চাহিদা পূরণে অন্তত দুই জোড়া রেল চালু করা প্রয়োজন বলে মনে করেন তিনি। স্টেশন ব্যবস্থাপক জানান, প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রুটে পাঁচ জোড়া, চট্টগ্রাম-সিলেট রুটে দুই জোড়া, চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া আন্তঃনগর এবং ময়মনসিংহসহ এ সব রুটে পাঁচ জোড়া মেইল ট্রেনও চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তঃনগরসহ দূরপাল্লার ট্রেনের চাহিদা দিন দিন বাড়ছে। এদিকে দূরপাল্লাব সব শ্রেণীর ট্রেনের চাহিদা বাড়ার পাশাপাশি নগরীর আঞ্চলিক রুটগুলোতেও রেল সার্ভিস বাড়ানোর দাবি জানিয়েছেন প্ল্যানার্স ফোরাম ফর চিটাগাং-এর সদস্য প্রকৌশলী সুভাষ বড়–য়া। তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন নগরীর যানজট সমস্যা ও এর প্রতিকার নিয়ে। প্রকৌশলী সুভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যানজট নিরসনে মানসম্মত গণপরিবহনের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই। এক্ষেত্রে আঞ্চলিক রুটগুলোতে ট্রেন সার্ভিস চালু করলে নগরীতে যানজট কমার পাশাপাশি কমবে মানুষের ভোগান্তিও। এ বিষয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের আঞ্চলিক রুটগুলোতে রেল সার্ভিস চালু করলে মানুষ নগরমুখী হবে না। চট্টগ্রাম নগরীর পাশের জেলা-উপজলার মানুষ নিজ এলাকায় থেকে শহরে যাওয়া-আসা করলে নগরী অনেকাংশেই যানজটমুক্ত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/১০১০ ঘ.