সাতক্ষীরা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম হত্যা মামলায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি ওই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার কলাবাগান থেকে এই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কলাবাগান থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম।
শ্যামনগর থানার ওসি কাজী জলালউদ্দিন জানান, গাবুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হত্যার ঘটনায় তার বাবা আফতাব মোড়ল বাদী হয়ে গত ৫ জুন চেয়ারম্যান মাসুদুল আলমকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
১৯ জুলাই এ মামলায় চেয়ারম্যান মাসুদসহ ২১ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
চেয়ারম্যান মাসুদুল আলমের বিরুদ্ধে শ্যামনগর থানায় আরো ১০টি মামলা রয়েছে বলেও জানান ওসি জালাল।
অবশ্য মাসুদুল আলমের পরিবারের সদস্যরা দাবি করে আসছেন, রাজনৈতিক কারণে মাসুদুল আলমের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০৬ ঘ.
bdnews24