খুলনা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর রূপসা স্ট্যান্ড রোডে এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে স্ট্যান্ড রোডে একটি বস্তিঘর থেকে জোহরা বেগমের (২৬) লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে জোহরার স্বামী নুরুন্নবী পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
প্রতিবেশীর বরাত দিয়ে খুলনা থানার ওসি এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বর্ণের দোকানের কর্মচারী নুরুন্নবী স্ত্রী ও সন্তসহ বস্তির ওই বাড়িতে থাকতেন। শুক্রবার সকালে তিনি ঘরে তালা দিয়ে বাইরে চলে যান।
বেলা ১২টার দিকে ঘর থেকে তার দুই বছর বয়সী শিশুর কান্না শুনে প্রতিবেশীরা তালা ভেঙে জোহরার মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।
জোহরার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে।
জোহরা ফেনী জেলার হরিণপুর গ্রামের মো. মিনাফের মেয়ে। নুরন্নবী একই জেলার কাশেমপুর গ্রামের হবি মিয়ার ছেলে। তাদের একমাত্র ছেলে বেলালের বয়স দুই বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪২ ঘ.
bdnews24