গাজীপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলা থেকে ছিনতাই হওয়া পিক-আপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে জাতীয় উদ্যান (উত্তর সালনা) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতে পিক-আপটি ছিনতাই হয়েছিল।
গ্রেপ্তার হয়েছেন মমিন (১৮), গিয়াস (২৫) ও ফরিদ (২২)।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ মো. আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে মমিন ও ইমান আলী নামে দুই যুবক ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে কাঁচামাল কিনে গাজীপুরের জাতীয় উদ্যান এলাকায় একটি পিকনিক স্পটে যাওয়ার জন্য একটি পিক-আপ ভাড়া নেয়। পরে আরো তিন যুবক ওই গাড়িতে ওঠে।
রাত ৩টার দিকে জাতীয় উদ্যানের ভেতর গেলে পরে ওঠা তিন যুবক অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ির চালক জাকির হোসেনকে (২৬) হাত-পা বেঁধে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং তার মোবাইল ফোন সেট ও পিক-আপটি নিয়ে চলে যায়। কিছুদূর দিয়ে মমিন ও ইমানকেও গাড়ি থেকে ফেলে দেয়।
শুক্রবার ভোর ৫টার দিকে জাতীয় উদ্যান এলাকায় পিক-আপটিসহ কয়েকজন যুবককে দেখে পুলিশ আটক করে। এ সময় পিক-আপ চালক জাকিরের ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭২১ ঘ.
bdnews24