সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়ক খারাপ, পর্যাপ্ত গাড়ি নেই, নেই টিকিটও। সারারাত দাঁড়িয়ে থেকেও মেলেনি ট্রেনের টিকেট। লঞ্চের সব কেবিনের টিকিট আগেই শেষ। পরিবার পরিজন নিয়ে এই ঈদেও বাড়ি যাওয়া নিয়ে ভোগান্তি পিছু ছাড়েনি।
বৃহস্পতিবার রাত আর শুক্রবার সকালে রাজধানীর রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায় অসংখ্য মানুষ, বাড়ি ফেরার আনন্দ ম্লান হয়ে গেছে ভ্রমণ নিয়ে দুশ্চিন্তায়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধবার হতে পারে ঈদুল ফিতর। সেক্ষেত্রে ঈদের আগে শুধু এক দিন অফিস খোলা। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার তাই অফিস শেষ করেই ঢাকা থেকে অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন।
ট্রেনের টিকিটের জন্য হাহাকার
সড়ক পথের দুরবস্থার জন্যে অনেকেই রেলে বাড়ি যেতে চাইলেও সারারাত দাঁড়িয়েও রেলের টিকিট যোগাড় করতে পারেননি।
বেসরকারি একটি ব্যাংকের চাকরিজীবী মোহাম্মদপুরের বাসিন্দা রওশন আরা (৪০) বৃহস্পতিবার ভোররাতে সেহরীর পর পর কমলাপুর রেল স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়েও ট্রেনের টিকেট পাননি। দুই মেয়ে আর অসুস্থ স্বামীকে নিয়ে কী করে চট্টগ্রাম যাবেন, সেটাই এখন তার একমাত্র দুশ্চিন্তা।
রওশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছর বাসে ৬ ঘণ্টার পথ যেতে লেগেছিলো ১৪ ঘণ্টা। এবছর তো রাস্তার অবস্থা আরো খারাপ। হয়তো ৬ দিনই লাগবে। অসুস্থ স্বামী ও আর ছোট দুটি মেয়েকে নিয়ে তো এভাবে যাওয়া সম্ভব না।"
একই অভিজ্ঞতার কথা জানালেন আখতার হোসেন (৫০), শহীদ (২৮), রিপন (২৫), পারভেজ খান (৩৪), সোহানা ইয়াসমিন (২৪), ইলিয়াস হোসেন (৩০)সহ আরো অনেকে।
বুধবার মধ্যরাতে কমলাপুরে লাইনে দাঁড়াতে গিয়ে স্টেশনের বাইরে চলে যেতে হয়েছিলো বিল্লাল হোসেনকে (৩০)। তারপরও তিনি টিকিট পাননি। দুপুর ১টায় রংপুরের টিকিটের কাউন্টারে যখন টিকিট শেষ ঘোষণা করা হয়, তখনো বিল্লালের সামনে ৫০ জন দাঁড়িয়ে ছিলেন।
কমলাপুর রেল স্টেশনে অগ্রিম টিকেট বিক্রির শেষ দিন বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। কিন্তু তখনো লাইনে দাঁড়িয়ে ছিলেন বিপুল সংখ্যক মানুষ। একপর্যায়ে তারা বিক্ষোভের চেষ্টা করলে উপস্থিত র্যাব ও আনসার সদস্যরা তাদের শান্ত করেন।
ভোগান্তির চরমে বাসের যাত্রীরা
এবার ঈদে সবচেয়ে ভোগান্তিতে রয়েছে বাসের যাত্রীরা। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কুমিল্লার যাত্রীরা সড়ক পথের দুরবস্থার কথা চিন্তা করে ট্রেনের টিকেট কাটার চেষ্টা করেছেন। যারা পাননি, এখন ভালো কোনো বাসের টিকিটও তাদের জন্য নেই। সাকুরা, হানিফ, ঈগল, শ্যামলী, গ্রীনল্যান্ড, সৌদিয়ার মতো বিলাসবহুল সব বাসের টিকিট ২০ অগাস্টের আগেই বিক্রি শেষ।
রাস্তার খারাপ অবস্থার জন্যে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী টার্মিনালগুলো থেকে অনেক বাস কোম্পানি খুলনা, বাগেরহাট, কুড়িগ্রাম, রংপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ইত্যাদি রুটের বাস ছাড়ছে না।
এ সুযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় লোকাল গাড়িগুলোকে যাত্রী নিয়ে দূর গন্তব্যে রওনা হতে দেখা যায়। সায়েদাবাদ বাস টার্মিনালের মানিক পরিবহনের চালক মো. মনোয়ার (৪৫) বলেন, "কুনো গাড়িতে সিট নাই। মানুষরে তো আমরা জোর কইরা আনতাছি না। তারাও বাড়ি যাইবো, আমরাও দুইটা পয়সা পাইলাম।"
বউ বাচ্চা নিয়ে এ বাসের টিকিট কেটেছেন জব্বার হোসেন। তিনি বলেন, "দুইদিন ট্রেনের টিকিটের জন্য দাঁড়িয়ে থেকে দুইটা টিকেট পেয়েছিলাম, কিন্তু আমার লাগবে পাঁচটি। অন্য কোনো বাসের টিকিটও নাই। তাই বাধ্য হয়ে এই গাড়িতে চড়লাম।"
মহাখালী থেকেও এ রকম ছোট লোকাল বাসে করে টাঙ্গাইল, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনায় পরিবার পরিজন নিয়ে রওনা হয়েছেন ঘরমুখো মানুষ। রেজাউল করিম (৪০) নামে এক জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি যে একটা পেয়েছি, তাই তো বেশি। গরুর গাড়ির চেয়ে তো ভালো। এখন যে পরিস্থিতি, তাতে তো গরুর গাড়িতে করেই যাওয়ার মতো অবস্থা।"
গাবতলী থেকে যাত্রা শুরু করা ফেরি পারাপার কোনো বাসেই ৩০ অগাস্ট পর্যন্ত সিট ফাঁকা নেই। তবে লঞ্চ পারাপারের কিছূ বাসে সিট রয়েছে।
ফরিদপুরগামী আনন্দ পরিবহনের কর্মী কাওসার ও সাকুরার কর্মী সোবাহান জানালেন, ফেরির গাড়ির কোনো সিট নেই। তবে লঞ্চের গাড়িতে কয়েকটি করে সিট আছে। এছাড়া ২৮ তারিখ থেকে অতিরিক্ত লঞ্চের গাড়ি ছাড়া হবে। কাউন্টারে এসে টিকেট কিনে উঠা যাবে।
বেসরকারি সংস্থার কর্মকর্তা সাবরিনা পারভীন (৩৫) বললেন, "বছরের এই একটা সময় বাড়িতে যাই। আত্মীয়-স্বজন সবার জন্যে গিফট নিয়ে যাব। এত মালামাল নিয়ে কী করে লঞ্চে পার হবো?"
দ্রুতি পরিবহনের গাবতলী কাউন্টারের ব্যবস্থাপক আব্দুর রহমান জানান, রাস্তা খারাপ হওয়ায় খুলনা রুটের কোনো বাসের অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে না। বাস যদি চলে, তাহলে তখনি টিকেট বিক্রি করা হবে।
কিন্তু বাস কখন চলবে, আদৌ চলবে কিনা, তা তিনি জানাতে পারেননি।
খুলনা যেতে টিকিট কাটতে আসা শহিদুল ইসলাম বলেন, "পরিবার নিয়ে টার্মিনালে এসে যদি দেখি টিকিট নাই, তখন কি আবার বাসায় ফেরত যাবো?"
ভোগান্তি কম নয় লঞ্চ যাত্রায়ও
ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, হাতিয়াসহ সব রুটের কেবিন বিক্রি হয়ে গেছে ১৫ অগাস্টের আগেই। যাত্রীরা অভিযোগ করেছেন, সাধারণ ভাড়ার কয়েকগুণ বেশি টাকা দিয়ে তাদের টিকিট কিনতে হয়েছে।
বরিশালের টিকেট কিনেছেন আখতারুজ্জামন খান। তিনি বলেন, "১৫০০ টাকার ডাবল কেবিন ভাড়া করেছি ৪০০০ টাকা দিয়ে। আর কেবিন পাইনি। এটাতে করেই আমার পরিবারের ছয় জনকে যেতে হবে।"
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার জ্যেষ্ঠ সহ-সভাপতি বদিউজ্জামান বাদল অবশ্য দাবি করলেন, অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। তবে আগে নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ কেউ কম নিত। এবার ঠিক ভাড়া নেওয়ায় বেশি মনে হতে পারে।
"গত বছরের তুলনায় এবার যাত্রীদের চাপ একটু বেশি। সড়ক পথের অবস্থার জন্য এটা হতে পারে। এজন্যে নিয়মিত লঞ্চের বাইরে ঢাকা থেকে অতিরিক্ত ট্রিপ দেওয়া হবে", বলেন তিনি।
বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক মো. আলী সিদ্দিক জানান, যাত্রীর চাপ বাড়লে নিয়মিত লঞ্চের বাইরে প্রতিদিন তিনটি অতিরিক্ত লঞ্চ ছাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১০৩০ ঘ.
bdnews24