২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক চাপায় নারী শ্রমিকের মৃত্যু

নগরীর বন্দর থানাধীন বিমানবন্দর সড়কের নেভি স্কুল গেইটের সামনে ট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর পর এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এ সময় বিক্ষুব্ধরা একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে কমপক্ষে ১০টির মতো যানবাহন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানাধীন বিমানবন্দর সড়কের নেভি স্কুল গেইটের সামনে ট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর পর এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এ সময় বিক্ষুব্ধরা একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে কমপক্ষে ১০টির মতো যানবাহন। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌসুমি (২৫) স্থানীয় কর্ণফুলী ইপিজেডের (কে ইপিজেড) পোলো গার্মেন্টসের শ্রমিক। নেভি স্কুল গেইট সংলগ্ন ভাই ভাই কলোনিতে তিনি থাকতেন। ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাজ শেষে বাজার করে ঘরে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৌসুমির মৃত্যু হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর জোন) কুসুম দেওয়ান জানান, দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ লোকজন বিমানবন্দর সড়ক অবরোধ করে এবং দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং বেশকয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে দমকল কর্মীরা গিয়ে দুটি গাড়ির আগুন নেভায় বলেও জানান তিনি। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করলে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে রাত সোয়া ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর গাড়ি চলাচল শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২২২৪ ঘ.