২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর দাবি, সব রাস্তা চলাচলের 'উপযোগী' হয়েছে

বেহাল সড়কের কারণে সমালোচনায় জর্জরিত যোগযোগমন্ত্রী আবুল হোসেন দাবি করেছেন, দেশের সব রাস্তা গাড়ি চলাচলের 'উপযোগী' হয়েছে, আর বাধা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

গাজীপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল সড়কের কারণে সমালোচনায় জর্জরিত যোগযোগমন্ত্রী আবুল হোসেন দাবি করেছেন, দেশের সব রাস্তা গাড়ি চলাচলের 'উপযোগী' হয়েছে, আর বাধা নেই। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেরামত কাজ পরিদর্শনে এসে যোগাযোগমন্ত্রী গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, "সারাদেশ থেকে ফ্যাক্স বার্তায় জানতে পেরেছি রাস্তায় যে সব খানা-খন্দ ছিলো তা মেরামত করা হয়েছে। তবে ঈদের আগে কার্পেটিং করা সম্ভব নয়।" রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থার কাজ চলার কথা তুলে ধরে আবুল হোসেন বলেন, "রাস্তার পাশে যেসব কলকারখানা গড়ে উঠেছে ওই সব কারখানার বর্জ্য রাস্তায় চলে আসায় সংস্কার করেও রাস্তা ঠিক রাখা যাবে না। রাস্তা ঠিক রাখতে হলে তিন ফুট উঁচু করতে হবে।" এ সময় উপস্থিত ছিলেন সওজের প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী শেখ মো. সফিকুল আলম প্রমুখ। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করবেন কি না- জানতে চাওয়া হলে যোগযোগমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, "আপনারা কি চান যোগাযোগমন্ত্রী পদত্যাগ করুক?" বেহাল সড়ক সংস্কারের দাবিতে চলতি মাসের শুরুতে ১৩টি রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র সমালোচনার মুখে পড়েন আবুল হোসেন। এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রীর সঙ্গে বাহাসেও জড়িয়ে পড়েন এই মন্ত্রী। তখন পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ার অভিযোগ করে এর দায় তিনি অর্থমন্ত্রীর ওপর চাপান। তবে সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর প্রতিবাদ জানিয়ে বলেন, তদারকির অভাবেই মহাসড়কগুলো বেহাল হয়েছে। এরপর বেহাল মহাসড়ক নিয়ে প্রধানমন্ত্রীর ধমক শুনে ১৬ অগাস্ট ঢাকা-ময়মনসিংহ সড়ক দেখতে যান তিনি। তাদের তৎপরতায় এক সপ্তাহ পর চালু হয় ওই রুটে বাস চলাচল। এর পর থেকে যোগাযোগ মন্ত্রী তিনবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/২২১৫ ঘ.