ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক ক্ষেত্রে গণমাধ্যমে 'উদ্দেশ্যমূলক অপপ্রচার' চালানো হচ্ছে উল্লেখ করে প্রচার মাধ্যমকে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সাংবাদিকদের দুটি সংগঠনের যৌথ আয়োজনে এক ইফতার মাহফিলে শেখ হাসিনা বলেন, "অনেক ক্ষেত্রে মিডিয়াতে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে, যা দেশ ও রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।"
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেসক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, "সমালোচনা ভালো। সমালোচনার মধ্য দিয়ে শিক্ষা নেওয়া যায়, ভুল-ভ্রান্তি শোধরানোর সুযোগ পাওয়া যায়। তবে সমালোচনা হবে গঠনমূলক এবং তা হবে দেশ গড়ার কাজে। কিন্তু সমালোচনায় যেন কাজের উৎসাহ হারিয়ে না ফেলি।"
এর আগে ২২ অগাস্ট এক অনুষ্ঠানে একই ধরনের অভিযোগ আনেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "কিছু কিছু গুঞ্জন আসছে। কিছু টেলিভিশন চ্যানেল রং মাখিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। যাতে ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে হত্যা করার সুযোগ পায়।"
'বাঙালি পরচর্চা করতে পছন্দ করে'- এমন মন্তব্য করে শেখ হাসিনা বৃহস্পতিবার বলেন, "অনেকের হুঁস থাকে না, সমালোচনা করতে করতে সমাজকে তারা কোথায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। সময়ে সময়ে এখানে সব কিছু পরিবর্তন হয়। লোকজনের রংও পরিবর্তন হয়।"
স¤প্রতি ব্যর্থতার অভিযোগে সরকারের কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবি ওঠার বিষয়টিকে ইংগিত করে প্রধানমন্ত্রী বলেন, "মন্ত্রিপরিষদের সবাই দিন-রাত পরিশ্রম করছে, আন্তরিকভাবে কাজ করছে। কিন্তু চারদলীয় জোট সরকারের বোঝা নিয়েই বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে।"
তিনি বলেন, "দেশটা সুষ্ঠুভাবে চলুক- এই আন্তরিকতা আমার আছে। কিন্তু, যখন কেউ দেশের ব্যাপারে আমার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলে, তখন কষ্ট লাগে।"
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশকে 'মুক্তিযুদ্ধের চেতনায়' ফিরিয়ে আনা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "অনেকে সংবিধান সংশোধনের অনেক ব্যাপার নিয়ে হয়তো প্রশ্ন তুলতে পারেন। কিন্তু গত ৩৫ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। বুড়িগঙ্গার পানি অনেক গড়িয়েছে। ৩৫ বছর আগের সেই স্বচ্ছ পানি আর বুড়িগঙ্গায় নেই। রাজনীতিও আজ ৩৫ বছর আগের অবস্থানে নেই। সে জায়গায় যেতে আরো সময় লাগবে।"
গত ৩০ জুন পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাসের মধ্যে দিয়ে বাহাত্তরের সংবিধানের মূল চারনীতি আবার ফিরিয়ে আনা হয়। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিলুপ্ত করা হয় এ সংধোনীর মাধ্যমে।
সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজবোর্ড প্রণয়নের উদ্যোগ নেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে তথ্য সচিবের নেতৃত্বে নয় সদস্যের কমিটি হয়েছে। ওই কমিটি ইতিমধ্যে বৈঠকও করেছে।
সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন শেখ হাসিনা।
নতুন টেলিভিশন চ্যানেলের অনুমতি দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "এসব টিভি চ্যানেল চালু হওয়ায় অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। কিন্তু এর খেসারতও দিতে হচ্ছে। এখন টিভি খুললেই দেখতে হয় সমালোচনা।"
অন্যদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সাংবাদিক নেতারা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১৪০ ঘ.
bdnews24