খুলনা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল ইমামের অষ্টম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মঞ্জুরুল ইমামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বের হয় শোক শোভাযাত্রা। আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
২০০৩ সালের ২৫ অগাস্ট মঞ্জুরুল ইমামকে খুলনা নগরীতে বাড়ির কাছেই সন্ত্রাসীরা বোমা হামলার পর গুলি চালিয়ে হত্যা করে।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, মঞ্জুরুল ইমাম হত্যা মামলার ন্যায়বিচার হলে খুলনায় পরবর্তী রাজনৈতিক হত্যাকাণ্ড না-ও ঘটতে পারতো।
খুলনায় সংঘটিত সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাারা।
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আলোচান সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৫৫ ঘ.
bdnews24