২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীর জামিন আবেদনে বিভক্ত আদেশ

জামিন নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশের পর গ্রেপ্তারের বিষয়ে পুলিশকে শাসালেন মুফতি আমিনী। বর্তমান সরকারকে 'ফেরাউন' বলেও আখ্যায়িত করলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহের মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর জামিন আবেদনে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। আমিনীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী চার সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও বিচারপতি মো. আনোয়ারুল হক জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন। গত ১৩ জুলাই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ক্ষমতায় গেলে সংশোধিত সংবিধান ছুড়ে ফেলার ঘোষণা দেন। পরদিন বিএনপির মিত্র দলের নেতা আমিনী লালবাগে এক আলোচনা সভায় বলেন, সংশোধিত সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে। সংবিধান নিয়ে এ ধরনের বক্তব্যকে কেন্দ্র করে গত ১১ অগাস্ট রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলাটি করেন লালবাগ থানার ওসি আজিজুল হক। অবশ্য বরাবরই আমিনী বলে আসছেন, তিনি ওই বক্তব্য দিয়েছেন 'রূপক' অর্থে। বৃহস্পতিবার আদালতে আমিনীর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে খন্দকার মাহবুব হোসেন বলেন, আমিনী রাষ্ট্রদ্রোহিতা করেননি। মামলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী এবং সংবিধান বিষয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। "প্রধানমন্ত্রী একজন মানুষ। সুতরং তার সমালোচনা করে বক্তব্য দেওয়া যেতেই পারে। আর সংবিধান বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা তিনি রূপক অর্থে বলেছেন।" অন্য দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সংবিধানের যে কোনো অংশের সমালোচনা করে বক্তব্য দেওয়াই রাষ্ট্রদ্রোহিতার সামিল। 'এই সরকার ফেরাউন সরকার' আদেশের পর আমিনী বলেন, এই সরকার ফেরাউন সরকার। এই সরকারের পতনের জন্য যা যা করা প্রয়োজন, আমি তার সবই করবো। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ফরজ। "ছয় মাস ধরে শুনছি, আমাকে গ্রেপ্তার করবে। পুলিশ চাইলেতো এখনই গ্রেপ্তার করতে পারে। তবে তাদেরকে মনে রাখতে হবে, আমিও একদিন ক্ষমতায় আসবো। তাদেরকে আমার অধীনে চাকরি করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯৫২ ঘ.