ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা, জামালপুর ও চট্টগ্রামে ৩০২ মেগাওয়াট ক্ষমতার তিনটি কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে চুক্তি করেছে সরকার।
রোববার রাজধানীর আব্দুল গণি সড়কে বিদ্যুৎ ভবনে পাওয়ার 'প্যাক হোল্ডিংস' এবং 'কনসোর্টিয়াম অব কনফিডেন্স সিমেন্ট লিমিটেড' নামের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
পাওয়ার প্যাক হোল্ডিংস খুলনায় ৯৯ দশমিক ৩৮২ মেগাওয়াট এবং জামালপুরে ৯৪ দশমিক ৮৪৩ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। আর চট্টগ্রামে ১০৮ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কনসোর্টিয়াম অব কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ কার্যালয়ের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ বছর মেয়াদী এই চুক্তির আওতায় দুটি কোম্পানির কাছ থেকে পিডিবি প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে প্রায় সাত টাকা দরে।
ফার্নেস অয়েল চালিত এ বিদ্যুৎ কেন্দ্র তিনটির নির্মাণ কাজ ২০১২ সালের নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।
পিডিবির পক্ষে সচিব মো. আজিজুল ইসলাম এবং পাওয়ার প্যাক হোল্ডিংস ও কনসোর্টিয়াম অব কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদার ও চেয়ারম্যান রেজাউল করিম চুক্তিতে সই করেন।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ও পিডিবি চেয়ারম্যান এএসএম আলমগীর কবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সরকারি হিসাবে দেশে সাড়ে সাত হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বর্তমানে বিদ্যুতের দৈনিক গড় উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৯৩৬ ঘ.
bdnews24