২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক চাপায় ছাত্রীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ট্রাক চাপায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ট্রাক চাপায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগ্রাবাদ এক্সেস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দা আফরিন তানিয়া (২৪) ইনস্টিটিউট অব কর্মাশিয়াল ম্যানেজমেন্ট (আইসিএম) চট্টগ্রামের প্রথম সেমিস্টারের ছাত্রী এবং নগরীর আগ্রাবাদ টিএন্ডটি কলোনীর বাসিন্দা আব্দুল আউয়ালের মেয়ে। ডবলমুরিং থানার দারোগা মাসুদুর রহমান জানান, দুপুর একটার দিকে আগ্রাবাদ এক্সেস সড়কের সিঙ্গাপুর মার্কেটের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আফরিনকে বহনকারী রিকশাকে চাপা দেয়। এতে আফরিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে আফরিনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/এএল/১৯০৯ ঘ.