ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সবরকম প্রস্তুতি রেখে যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
বুধবার বিকালে হোটেল রেডিসনে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শামসুল হুদা বলেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সে রকম প্রস্তুতি ও পরিকল্পনা রেখে যাবো। দেখি কতটকু যেতে পারি।"
২০১২ সালের ফেব্র"য়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে।
রাজনৈতিক দলগুলো ইসির সংলাপে পর্যায়ক্রমে ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছে- এমন কথা তুলে ধরে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে পুরো নাকি অর্ধেক নাকি কিছু সংসদীয় আসনে ইভিএম ব্যবহার হবে- তা পরবর্তী কমিশনই সিদ্ধান্ত নেবে। এখনই কিছু বলা সম্ভব নয়।
সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইলেকশন ওয়ার্কিং গ্র"পের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে এশিয়া ফাউন্ডেশন।
স্থানীয় পর্যায়ে ব্যবহারের পর বড় পরিসরে ইভিএম ব্যবহারের বিষয়ে একটি প্রকল্প নেওয়ার কথা জানিয়ে সিইসি বলেন, "নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।"
মঙ্গলবার সংসদ কাজে ইসি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদও নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনেই ইভিএম ব্যবহারের পরিকল্পনা নিয়েছে বলে সংসদকে অবহিত করেন।
আইনজীবীর পরামর্শ নিয়ে ব্যবস্থা
সিইসি জানান, চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ সম্পর্কিত আদালতের কাগজ নির্বাচন কমিশনের এসে পৌঁছলে তা দেখে পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন তার আইনজীবীর পরামর্শকেই গুরুত্ব দেবে।
আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য কোন আইন ও ক্ষমতায় সংসদ সদস্য পদে বহাল রয়েছেন- তা জানতে চেয়ে মঙ্গলবার রুল জারি করে আদালত। জাতীয় সংসদের স্পিকার, সংসদ সচিবালয়ের সচিব, মহীউদ্দীন খান আলমগীরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
শামসুল হুদা বলেন, "আমরা একটি মামলায় জিতেছি। তবে আদালত যে মামলায় রুল জারি করেছে সেটি অন্য মামলা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০৩৪ ঘ.
bdnews24