২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলে আধুনিক জেটির পরিকল্পনা রয়েছে: লতিফ

দেশের উপকূলীয় এলাকায় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উপকূলীয় এলাকায় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। বুধবার বিকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। বিরোধী দলীয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস আরো জানান, উপকূলীয় অঞ্চলে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে পিরোজপুরের পাড়েরহাট, লক্ষ্মীপুরের রামগতি এবং পটুয়াখালীর আলীপুর-মহিপুর প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা (ডিপিপি) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে ২০১১-২০১৪ সালের মধ্যে প্রকল্প বাস্তবায়িত হবে বলেও জানান তিনি। গবাধি পশুতে অ্যানথ্রাক্স সরকারদলীয় সাংসদ অপু উকিলের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, গত বছর দেশের সাতটি বিভাগের ৫০টি জেলায় পাঁচ হাজার ৯৫টি গবাদিপশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। শুধু সিরাজগঞ্জে আক্রান্ত হয় ১১১টি গরু। সিরাজগঞ্জের মতো যেসব জেলায় গবাদিপশুর ঘনত্ব বেশি সেখানে এ রোগ সংক্রমণের প্রবণতা বেশি বলেও জানান তিনি। লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেশি বিরোধী দলের সাংসদ বেগম রেহানা আক্তার রানুর লিখিত প্রশ্নের জবাবে আবদুল লতিফ বিশ্বাস সংসদকে জানান, গত অর্থ বছরে মৎস্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিলো ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। তবে অর্জিত হয়েছে ৬৩৯ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার এবং অর্জিত সাফল্য শতকরা ১৪২ ভাগ। ঢাকা চিড়িয়াখানার উন্নয়ন পরিকল্পনা বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা চিড়িয়াখানাকে আরো আকর্ষণীয় ও দর্শনীয় করার লক্ষ্যে একটি উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্প প্রস্তাবে বিরল প্রজাতির প্রাণী সংগ্রহের ব্যবস্থাসহ জীবজন্তুর আধুনিক চিকিৎসা সুবিধার উল্লেখ রয়েছে। এ ছাড়া দর্শনার্থীদের জন্য বিনোদনের নতুন নতুন ক্ষেত্র যোগ করা হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৬১৪ ঘ.