দিনাজপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচিং সেন্টারে পিটিয়ে এক শিশুকে হত্যার ঘটনায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে তাকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ।
পুলিশ জানায়, বুধবার ভোররাতে নওগাঁর বদলগাছি উপজেলার শ্বশুরবাড়ি থেকে কালামকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে শহরের কাশিপুরের 'কামিয়াব কোচিং সেন্টারে' নুর ইসলাম (৬) নামে এক শিশুকে হত্যা করা হয়। কালামের বাড়িতেই কোচিং সেন্টারটি চলতো।
নূর ইসলামের ভাই নয়ন (৮)ও ওই কোচিং সেন্টারে নির্যাতিত হয়। কোচিং সেন্টারের শিক্ষক শাহিনকে আটক করে সোমবারই পুলিশে দিয়েছিলো জনতা।
স্থানীয়রা রাতেই ওই কোচিং সেন্টারটি ভেঙে আগুন লাগিয়ে দেয়। মঙ্গলবার দিনভর অবরোধ করে রাখে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুর ইসলাম হত্যার ঘটনায় তার পিতা রসিদুল ইসলাম চিকিৎসক কালামসহ চার জনকে আসামি করে মঙ্গলবার একটি মামলা করেন। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- কোচিং সেন্টারের শিক্ষক শাহিন, নৈশপ্রহরী আফসার আলী, আশরাফুল ইসলাম। অন্য দুজন পলাতক বলে জানান ওসি।
এদিকে কালামকে গ্রেপ্তার করায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিএমএ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজাদ বাসায় কোচিং সেন্টারটি ভাড়া ছিলো। অসৎ উদ্দেশ্যে কেউ চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি জানান, বিষয়টি নিয়ে জেলা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলার পর পরবর্তী পদক্ষেপ নেবে চিকিৎসকরা।
নিহতের পিতা রিকশাচালক রশিদুল ইসলাম জানান, শহরের কাশিপুরে 'কামিয়াব কোচিং সেন্টার' এর শিক্ষক শাহীনসহ কয়েকজন যুবক নুর ইসলাম, নয়ন এবং সোহাগকে সোমবার ইফতারের পর ডেকে নিয়ে একটি ঘরে আটক করে রাখে। এরপর নূর ইসলামকে অস্ত্র দিয়ে হত্যা করে লাশ পাশের একটি পানির হাউজে ফেলে রাখে এবং নয়নকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
সোহাগ পালিয়ে গিয়ে বাড়িতে খবর দিলে গ্রামবাসী আহতবস্থায় নয়নকে উদ্ধার করে। তাকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
আটক শিক্ষক শাহিন থানায় সাংবাদিকদের বলেন, "নয়ন আমার বাইসাইকেল নিয়ে গায়েব করে দেয়। আমার সাইকেল উদ্ধার করতেই তাকে ধরে জিজ্ঞাসাবাদের জন্য ইট দিয়ে আঘাত করি।"
তবে নূর আলমকে হত্যার কথা অস্বীকার করেন তিনি।
ওসি শামীম ইকবাল সাংবাদিকদের জানান, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে শত শত লোক কোচিং সেন্টারটি ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। ভবনের মালিক ডা. কালাম ঘটনাস্থলে গিয়ে ধাওয়ার মুখে পালিয়ে যান।
বিক্ষুব্ধ জনতা রাত দেড়টায় রাস্তায় গাছ ও ইট ফেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করে। মঙ্গলবার বেলা ২টায় জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ ও পুলিশ সুপার ময়নুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বিকাল ৫টার দিকে জনতা অবরোধ তুলে নেয়।
ওসি জানান, জেলা প্রশাসক স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ১ লাখ টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ১০ হাজার টাকা নিহতের পরিবারকে সাহায্য দেওয়ার আশ্বাস দেন। এরপর জনতা অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫১২ ঘ.
bdnews24