২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগমন্ত্রীর অপসারণ দাবিতে শহীদ মিনারে ঈদ

বেহাল মহাসড়কের জন্য যোগাযোগমন্ত্রীর অপসারণ দাবি করে কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদের সময়টা কাটানোর ঘোষণা দিয়েছেন লেখক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 08:49 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল মহাসড়কের জন্য যোগাযোগমন্ত্রীর অপসারণ দাবি করে কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদের সময়টা কাটানোর ঘোষণা দিয়েছেন লেখক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। বুধবার শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন তিনি। 'স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই'- এ দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা ব্যানারে এ সমাবেশ হয়। সমাবেশে সভাপতি আবুল মকসুদ আগামী ৩০ অগাস্টের মধ্যে সৈয়দ আবুল হোসেনকে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব আশফাক (মিশুক) মুনীরের মৃত্যু এবং বিভিন্ন মহাসড়কে নাজুক অবস্থার জন্য সমালোচনার মুখে আছেন যোগাযোগমন্ত্রী। সংসদেও তার পদত্যাগের দাবি উঠেছে। তবে সৈয়দ আবুল হোসেন বেহাল মহাসড়কের জন্য দুঃখ প্রকাশ করলেও পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে আসছেন। আবুল মকসুদ যোগাযোগমন্ত্রীর অপসারণ দাবির পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা ছাড়া চালকদের লাইসেন্স না দিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শহীদ মিনারের কর্মসূচিতে শিক্ষক-ছাত্র, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা সংহতি প্রকাশ করেন। শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানী বলেন, "মহাজোটকে ভোট দিয়ে আমরা মহাবিপদে আছি। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে এরকম বিপদে পড়ে, তা প্রথম দেখছি আমরা। এ সরকার থেকে যে আশা ছিলো, তা ধুয়েমুছে নিঃশেষ হয়ে গেছে।" যোগাযোগমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনার তো গাড়ি-বাড়ি সম্পদ অনেক কিছু আছে। তবু রাস্তা উন্নয়নের টাকার প্রতি আপনার এত লোভ কেন? প্রধানমন্ত্রীর ধমক খেয়ে রাস্তা মেরামত করতে গেলেন, এ মেরামতে কোনো কাজ হবে না।" তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, "আমাদের যোগাযোগমন্ত্রী ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের কাজেই বেশি ব্যস্ত।" দুর্ঘটনায় নিহত আশফাক মুনীরের ভাই আসিফ মুনীর বলেন, "যোগাযোগে দুরবস্থার জন্য কিছু সিন্ডিকেট বেরিয়ে এসেছে। এদের চিহ্নিত করতে হবে। সড়কে মানুষ হত্যার কারণগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে।" যোগাযোগমন্ত্রীর পদচ্যুতি না হলে শহীদ মিনারে ঈদ করা কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, "প্রতিদিন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে দেশের নির্দোষ জনগণ।" অনুষ্ঠানে অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, "শোক না করে আমাদের রাস্তায় নামতে হবে। সড়কের এ অবস্থার জন্য দায়ীদের অপসারণে বাধ্য করতে হবে।" বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে সংগতি প্রকাশ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী, চলচ্চিত্র গবেষক মানজারে হাসীন মুরাদ, এটিএন নিউজের প্রভাস আমিন প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮৫৩ ঘ.