ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক আখতারুজ্জামান মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ায় ১৯ অগাস্ট আখতারুজ্জামানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ৪টায় সেখানেই মারা যান তিনি।
আখতারুজ্জামানের ভগ্নিপতি এস এম আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার মরদেহ রাতেই নরসিংদীর হাঁটুভাঙ্গায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে বাবা আয়েত আলী ভূঁইয়া ও মা সুফিয়া বেগমের কবরের পাশে তাকে দাফন করা হবে।"
আখতারুজ্জামান ছিলেন একাধারে সাংবাদিক, শিক্ষক, চলচ্চিত্রকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, গীতিকার ও সংলাপ রচয়িতা। ১৯৮৪ সালে 'ফেরারী বসন্ত' ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন।
সর্বশেষ 'সূচনা রেখার দিকে' নামে একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন আখতারুজ্জামান। এ ছবির অভিনেত্রী স্বাগতা বলেন, "আমরা স্যারের মৃত্যুর খবর পেয়েছি। তার মতো গুণী একজন নির্মাতা চলে যাওয়ায় আমাদের চলচ্চিত্রের অনেক ক্ষতি হয়ে গেলো।"
এর আগে গত এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন আখতারুজ্জামান। সেবার ওপেন হার্ট সার্জারির পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক আখতারুজ্জামান পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'প্রিন্সেস টিনা খান', 'নগ্ন আগন্তুক' এবং 'পোকামাকড়ের ঘর-বসতি'।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএস/জেকে/২১১৬ ঘ.
bdnews24