কিশোরগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান আমির মাওলানা ইয়াহিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার কিশোরগঞ্জের বিচার বিভাগীয় হাকিম বিল্লাল হোসাইন তার খাস কামরায় জবানবন্দি গ্রহণ করেন।
পাঁচদিন পুলিশ হেফাজতে থাকার পর দুপুরে দুই সহযোগীসহ এই জঙ্গি নেতাকে আদালতে হাজির করা হয়।
জবানবন্দি গ্রহণ শেষে তাদের আবার জেল হাজতে পাঠানো হয়।
গত ১৯ অগাস্ট এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আয়েজুর রহমান।
মামলাটির তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, জবানবন্দিতে ইয়াহিয়া জঙ্গি তৎপড়তার সঙ্গে তার সংশি¬ষ্টতার কথা স্বীকার করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
তবে র্যাব সদরদপ্তরে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে ইয়াহিয়ার দেওয়া বিভিন্ন তথ্যের কথা জানান এই কর্মকর্তা।
জিজ্ঞাসাবাদে ইয়াহিয়া জানান, তিনি ১৯৮৬ সালে ভারত হয়ে প্রথমে পাকিস্তান ও পরে আফগানিস্তান অবস্থান করে ১৯৯২ সালে দেশে ফেরেন।
তিনি আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি বোমা তৈরিসহ গ্রেনেড ও অন্যান্য অস্ত্র পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণের কথা স্বীকার করেন। দেশে ফিরে হরকাতুল জিহাদের নেতৃত্ব গ্রহণের পর বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ, সদস্যদের বোমা ও অস্ত্র পরিচালনাসহ সামরিক প্রশিক্ষণ প্রদানের সাংগঠনিক কাজে জড়িত থাকার কথাও জানান।
গত ১৭ অগাস্ট গভীর রাতে র্যাব কিশোরগঞ্জের ভৈরবের দুর্জয় মোড় থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামসহ বেশ কিছু জেহাদি বইও উদ্ধার করা হয়।
ওই ঘটনায় র্যাব ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে।
হুজির আমির ইয়াহিয়া (৬০) একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলা, রমনা বটমূলে বোমা বিস্ফোরণ মামলা ও কোটালিপাড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থলে বোমা হামলার পরিকল্পনার মামলার আসামি।
হুজির আমির শেখ ফরিদ গত ২৬ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর ইয়াহিয়া ওই পদে দায়িত্ব পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৪১ ঘ.
bdnews24