ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঘ বা হাতি হত্যার জন্য সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ডের বিধান রেখে 'বন্যপ্রাণী (সংরক্ষণ) বিল-২০১১ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত আইনে চারটি তফসিলে ১ হাজার ৩২৩ প্রজাতির প্রাণী ও উদ্ভিদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।
বন ও পরিবশে প্রতিমন্ত্রী হাসান মাহমুদের পক্ষে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান মঙ্গলবার জাতীয় সংসদে এ বিল উত্থাপন করেন। এক মাসের মধ্যে এ বিলের ওপর প্রতিবেদন দেওয়ার জন্য তা বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এই বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করে বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ এক বিবৃতিতে বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম। কিন্তু এ বিষয়ে যথাযথ গুরুত্ব না দেওয়ায় অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, অনেক প্রজাতির প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে।"
এ আইন পাস হলে যে কোনো সরকারি বনভূমিকে ইকোপার্ক, সাফারি পার্ক, উদ্ভিদ উদ্যান বা বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ঘোষণা করা যাবে।
লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি কারো কাছ থেকে বন্যপ্রাণী, বন্যপ্রাণীর কোনো অংশ, মাংস, ট্রফি বা কোনো দ্রব্য কিনলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকার জরিমানা, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
বাঘ বা হাতি হত্যা করলে সর্বনিু দুই বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড, সর্বনিু এক লাখ টাকা ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা হবে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা অর্থদণ্ড হবে।
চিতা বাঘ, লাম চিতা, উল্লুক, সম্বর হরিণ, কুমির, ঘড়িয়াল, তিমি বা ডলফিন হত্যার জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানা, বা উভয় দণ্ড দেওয়া যাবে।
পাখি বা পরিযায়ী পাখি হত্যায় এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড প্রযোজ্য হবে।
১৯৭৪ সালে প্রণীত বিদ্যমান বন্যপ্রানী (সংরক্ষণ) (সংশোধন) আইনে শাস্তির বিধান ছিলো সর্বনিম্ন পাঁচশ' টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা এবং ন্যুনতম ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড।
হাছান মাহমুদ বলেন, "ইতিমধ্যে আমাদের দেশ থেকে গন্ডার, বুনো মহিষ, বারসিঙ্গা, নীলগাই, বন ছাগলসহ অনেক বন্য প্রজাতি হারিয়ে গেছে। আন্তর্জাতিক বন্য প্রাণী সংরক্ষক সংস্থার (এইউসিএন) রেড ডাটা বুক (২০০০) অনুসারে আট প্রজাতির উভচর, ৫৮ প্রজাতির সরিসৃপ, ৪১ প্রজাতির পাখি ও ৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিপদাপন্ন ও বিলুপ্তপ্রায় হিসাবে চিহ্নিত করা হয়েছে।"
প্রস্তাবিত এই আইনে চারটি তফসিলে উভচর ৩২ প্রজাতি, সরীসৃপ ১৫৮ প্রজাতি, পাখি ৬২২ প্রজাতি, স্তন্যপায়ী ১১৩ প্রজাতি, মাছ ৫২ প্রজাতি, প্রবাল ৩২ প্রজাতি, শামুক ও ঝিনুক ১৩৭ প্রজাতি, কাঁকড়া ও লভস্টার ২২ প্রজাতি, কীটপতঙ্গ ৫৯ প্রজাতি, কীটপতঙ্গ ২৪ প্রজাতি, ইঁদুর ৬ প্রজাতি, উদ্ভিদ ৫৭ প্রজাতি এবং অর্কিড ১৩ প্রজাতি চিহ্নিত করা হয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সরকারি বন, বনের অংশ, সরকারি ভূমি, জলাভূমি বা যেকোনো নির্দিষ্ট এলাকাকে গেজেট প্রজ্ঞাপণের মাধ্যমে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা যাবে।
অভয়ারণ্যে কেউ চাষাবাদ করতে, শিল্প-করাখানা স্থাপন, উদ্ভিদ আহরণ ও ধ্বংস এবং অগ্নিসংযোগ করতে পারবে না।
কেউ অভয়ারণ্য সম্পর্কিত বাধা-নিষেধ লঙ্ঘন করলে দুই বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হবে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা চার লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/২০১৩ ঘ.
bdnews24