ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগামী ১০ বছরের মধ্যে বৃষ্টি ও জলাশয় থেকে ঢাকার চাহিদার ৭০ শতাংশ পানি সংগ্রহের লক্ষ্যে কাজ করছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার সংসদে এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
চট্টগ্রাম-১০ আসনে সরকারদলীয় সংসদ সদস্য এম এ লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানীতে ভূগর্ভস্থ পানি স্তর প্রতি বছর ২-৩ মিটার করে নিচে নেমে যাওয়ার পরিপ্রেক্ষিতে পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ঢাকা ওয়াসা ভূউপরিস্থ পানির উৎসের দিকে অগ্রসর হচ্ছে।
ঢাকাসহ সব বিভাগীয় শহরে ভূ উপরিস্থ পানি সরবরাহ ও ব্যবহার শতভাগ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
'ওয়াসার পানি দূষিত নয়'
বিরোধীদলীয় সংসদ সদস্য শাম্মী আক্তারের লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার দূষিত পানি সরবরাহ করার তথ্যটি সত্য নয়।
তিনি জানান, ঢাকা ওয়াসা দৈনিক ২১৬ কোটি লিটার পানি সরবরাহ করে। এর শতকরা ৮৭ শতাংশ পানি গভীর নলকূপের ও ১৩ শতাংশ পানি ভূ-গর্ভস্থ উৎস থেকে আসে।
শুকনো মৌসুমে নদীর পানির স্তর কমে যাওয়ার ফলে পানি দূষিত হলেও বিশুদ্ধকরণ রাসায়নিক দিয়ে সে পানি দূষণমুক্ত করে তারপরই সরবরাহ হয় বলে জানান তিনি।
সরকারদলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীতে দৈনিক ২২০ কোটি লিটার চাহিদার বিপরীতে বর্তমানে গড়ে ২১৫/২১৫ কোটি লিটার পানি সরবরাহ হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা ওয়াসার সিস্টেম লসের পরিমাণ ২৯ শতাংশ। যা আগে ছিলো ৩৪ শতাংশ।
২৭৫ উপজেলায় সহনীয় মাত্রার বেশি আর্সেনিক
সরকারদলীয় সংসদ সদস্য সাধনা হালদারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, দেশের ৬১টি জেলার ২৭৫ উপজেলায় নলকূপের পানিতে সহনীয় মাত্রার বেশি আর্সেনিকের উপস্থিতি সনাক্ত হয়েছে।
আর্সেনিকমুক্ত পানি সরবরাহে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, ২০১১-১২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডির জন্য ৪ হাজার ৪৪৬ কোটি টাকা ও রক্ষণাবেক্ষণের জন্য ৬২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮১৮ ঘ.
bdnews24