ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া আশ্রয়কেন্দ্র ত্যাগ করলে কারাদণ্ডের বিধান রেখে 'ভরঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১' পাস হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ মঙ্গলবার জাতীয় সংসদে আইনটি পাসের জন্য উত্থপান করেন। যাচাই-বাছাই প্রস্তাব এবং সংশোধনীগুলো কণ্ঠভোটে নাকচ হওয়ার পর কণ্ঠভোটে পাস হয় এ আইন।
গত ২২ মে এই বিল জাতীয় সংসদে তোলা হয়। আইনটি পাসের মধ্য দিয়ে 'বেঙ্গল ভ্যাগরেন্সি অ্যাক্ট, ১৯৪৩' বিলুপ্ত হলো।
পাস হওয়া আইনের 'লক্ষ্য ও উদ্দেশ্য' অংশে বলা হয়েছে, "দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে 'বেঙ্গল ভ্যাগরেন্সি অ্যাক্ট, ১৯৪৩' যথাযথভাবে প্রয়োগযোগ্য ছিল না। আইনটি যুগোপযোগী করতেই বিলটি আনা হয়েছে।"
ভবঘুরের সংজ্ঞায় বলা হয়েছে, "যে ব্যক্তির বসবাসের বা রাত যাপনের সুনির্দিষ্ট কোনো স্থান নেই অথবা যিনি উদ্দেশ্যহীনভাবে অযথা রাস্তায় ঘোরাফেরা করে জনসাধারণকে বিরক্ত করেন অথবা যিনি নিজে বা কারো প্ররোচনায় ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হন- তিনি ভবঘুরে বলে গণ্য হবেন।"
পুলিশের এসআই পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা অথবা জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, ভবঘুরে চিহ্নিত করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারবেন।
নিরাশ্রয় ব্যাক্তিদের পুনর্বাসনে ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় আশ্রয় ও পুনর্বাসন কেন্দ্র খোলা হবে। কোনো ব্যক্তি আশ্রয়কেন্দ্রে আসার পর দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। চাকরি পেলে, নিজের প্রয়োজন অনুযায়ী অর্থ উপর্জনের মতো দক্ষতা অর্জন করলে অথবা স্বজনরা তার দায়িত্ব নিলে তিনি আশ্রয়কেন্দ্র ত্যাগ করতে পারবেন।
গর্ভবতী নারীর ক্ষেত্রে পাস হওয়া বিলে বলা হয়েছে, কোন নারী ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তিকে গর্ভবতী অবস্থায় আশ্রয় কেন্দ্রে পাঠানো হলে, সস্তান জন্ম লাভের পর তিনি অন্তত দুই বছর সন্তানসহ আশ্রয়কেন্দ্রে থাকতে পারবেন।
তবে কোনো ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তি অনুমতি ছাড়া আশ্রয়কেন্দ্র ত্যাগ করলে বা পালিয়ে গেলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য করা হবে। এই অপরাধে তাকে অনধিক তিন মাসের কারাদণ্ড দেওয়া যাবে। এই আইনে অপরাধের বিচার হবে 'মোবাইল কোর্ট আইন, ২০০৯' এর আওতায়।
এই আইনের আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে সাত সদস্যের একটি 'ভবঘুরে উপদেষ্টা বোর্ড' গঠন করা হবে। এই বোর্ডই আশ্রয়কেন্দ্রগুলো দেখভালের দায়িত্বে থাকবে।
চার দিন বিরতির পর মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের দশম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৭২৯ ঘ.
bdnews24