২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসিডে স্ত্রীর দৃষ্টিশক্তি নষ্ট করায় যাবজ্জীবন

এসিড দিয়ে স্ত্রীর মুখমণ্ডল ঝলসে দেওয়া এবং দৃষ্টিশক্তি নষ্ট করার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

বাগেরহাট, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড দিয়ে স্ত্রীর মুখমণ্ডল ঝলসে দেওয়া এবং দৃষ্টিশক্তি নষ্ট করার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত। মঙ্গলবার বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মাহফুজা বেগম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত হাবিবুর রহমান মিনা (৪২) খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। আট বছর আগে এই মামলায় একই আদালত হাবিবুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলো। পরে উচ্চ আদালতে হাবিবুর আপিল আবেদন করলে আদালত তার মৃত্যুদণ্ডাদেশ রহিত করে পুনর্বিবেচনার জন্য মামলাটি একই আদালতে পাঠায়। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালে বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামের মো. হায়দার আলীর মেয়ে খায়রুন্নেছা খানমের সঙ্গে হাবিবুরের বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে বিয়ের কিছুদিন পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর থেকে খায়রুন্নেছা রামপালে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ২০০০ সালের ২০ ডিসেম্বর রাতে হাবিবুর খায়রুন্নেছার বাড়িতে গিয়ে এসিড ছুড়ে তার মুখমণ্ডল ঝলসে দেয় এবং দৃষ্টিশক্তি নষ্ট করে দেয়। ঘটনার পর গ্রামবাসী হাবিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। খায়রুন্নেছার বাবা ২২ ডিসেম্বর রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলাটি করেন। ২০০১ সালের ১৮ মে হাবিবকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলাটির তদন্ত কর্মকর্তা। বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. কাদের নেওয়াজ ২০০৩ সালের ৩ জুন এই মামলায় হাবিবুরকে মৃত্যুদণ্ড দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬১৭ ঘ.