২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে কর্মচারীরা খুন করলো মালিককে

কেরানীগঞ্জের কালীগঞ্জে কর্মচারীদের কাঁচির আঘাতে এক দোকান মালিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের কালীগঞ্জে কর্মচারীদের কাঁচির আঘাতে এক দোকান মালিকের মৃত্যু হয়েছে। কালীগঞ্জের অলিনগর ৫ নম্বর গলির একটি কারখানায় মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. নুরুজ্জামান (৪০) রাজধানীর আসমা সিটি গার্ডেনের নূর পেইন্ট হাউজের মালিক। ওই দোকানের কারখানা অলিনগরে। অলিনগরে নুরুজ্জামানের কারখানার পাশের দোকান মালিক ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানায় দোকানের কর্মচারীদের সঙ্গে বকেয়া বেতন নিয়ে বৈঠকে বসেন নুরুজ্জামান। বেতন নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে কর্মচারীরা হাতের কাঁচি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। "নুরুজ্জামানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তিন কর্মচারীকে আটক করে। মুমূর্ষু অবস্থায় নুরুজ্জামানকে মিটফোর্ড হাসপাাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃত কর্মচারীদের পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। নুরুজ্জামানের বড় ভাই মো. শাহিনুর রহমান জানান, তার ভাই ১০-১২ বছর ধরে রঙের চুক্তিভিত্তিক কাজ করতেন। আটককৃত দোকানের তিন কর্মচারী পরস্পর সম্পর্কে ভাই বলে জানান তিনি। ছয় ভাইয়ের মধ্যে নুরুজ্জামান চতুর্থ। গ্রামের বাড়ী মুন্সীগঞ্জের শ্রীনগরের আটপাড়া গ্রামে। তিনি বিবাহিত হলেও কোনো সন্তান নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/আরএ/১৫২৭ ঘ.