২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো দিবস পালন ঢাবিতে

ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনা অনুসন্ধানে গঠিত সংসদীয় উপ-কমিটির তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবির মধ্য দিয়ে এবারের 'কালো দিবস' পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 04:36 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনা অনুসন্ধানে গঠিত সংসদীয় উপ-কমিটির তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবির মধ্য দিয়ে এবারের 'কালো দিবস' পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তত্ত্বাবধায়ক সরকার আমলে সেনানির্যাতনের ঘটনা স্মরণে ২৩ আগস্টকে প্রতিবছর কালো দিবস হিসেবে পালন করা হচ্ছে। জিমনেসিয়ামে কয়েকজন ছাত্রের সঙ্গে সৈন্যদের তর্কাতর্কির জের ধরে ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় পুলিশ। তখন গ্রেপ্তার করা হয় চার জন শিক্ষকসহ অনেক ছাত্রকে। বিভিন্ন মামলায় আসামি করা হয় তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অসন্তোষের প্রকাশ ঘটে সারাদেশে ছাত্রবিক্ষোভের মাধ্যমে। ফলে পিছু হটে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকার। নির্যাতনের ওই দিনটি স্মরণে মঙ্গলবার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস স্থগিত রাখা হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের(টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা হয়। ২০০৭ সালে ছাত্র-শিক্ষক নির্যাতনে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "গত তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং তৎকালীন সেনাপ্রধান বলছেন, তারা ছাত্র-শিক্ষক নির্যাতনের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না। অথচ তাদের অধঃস্তনরা বলেছে, নির্যাতনের দায়ভার তাদেরও আছে। এ জন্য ওই ঘটনায় তারা সংশ্লিষ্ট ছিলেন কি-না তা খুঁজে বের করতে এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করতে তদন্ত হওয়া প্রয়োজন।" তিনি বলেন, "গত তত্ত্বাবধায়ক সরকার যেভাবে দেশ শাসন করেছে তাতে দেশে গণতন্ত্র ফিরে আসতো না। জরুরি অবস্থার এ সরকারের বিরুদ্ধে ছাত্র-শিক্ষকদের অভ্যূত্থান জাতিকে আরেকবার পথ দেখিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।" নির্যাতনের বর্ণনা দিয়ে সেই সময়ে গ্রেপ্তার শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, "স্বাধীন দেশের সেনাবাহিনী সশস্ত্র অবস্থায় গভীর রাতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকদের গ্রেপ্তার করল। পরবর্তীতে তাদের চোখে কালো কাপড় বেঁধে তাদের অন্ধকার সেলে নিয়ে যাওয়া হলো। এটা আমাদের কাম্য ছিলো না।" রিমান্ডে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, "কীভাবে নির্যাতন করা হয়েছে তা কাউকে বলা সম্ভব হবে না, বলা সমীচীনও হবে না। চোখ বাঁধা অবস্থায় সেলে নিয়ে যাওয়া, চোখ বেঁধে সেল থেকে বের করা এমনকি চোখ বাঁধা অবস্থায় বাথরুমে যেতে বাধ্য করা হতো। প্রতিদিনের যে কোনো সময় অব্যাহত রাখা হতো জিজ্ঞাসাবাদ।" ওই সময় কারারুদ্ধ ও ঢাবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন আলোচনা সভায়। এছাড়াও আলোচনা করেন কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান, প্রক্টর অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, নির্যাতিত ছাত্র জাহিদুল ইসলাম বিপ্লব, চঞ্চল কর্মকার ও রফিকুল ইসলাম সুজন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা। এর আগে সকাল ১০টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাবির শিক্ষক-শিক্ষার্থী আর কর্মকর্তা-কর্মচারীরা। মিছিল শেষে কলাভবনের প্রধান ফটকে সমাবেশে বক্তারা ছাত্র-শিক্ষকদের ওপর নির্যাতনে জড়িত এবং এক-এগারোর 'কুশীলবদের' বিচার দাবি করেন। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক গোলাম রব্বানী, অধ্যাপক শরীফুজ্জামান, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ বক্তব্য রাখেন। কী ঘটেছিলো তখন সেনাবাহিনীর সমর্থনে দেশে তখন ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার আসীন, যে সরকারকে প্রায় সব রাজনৈতিক দলই এখন অবৈধ বলছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকে বিভিন্ন স্থানে অবস্থান নেয় সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র বা জিমনেসিয়ামেও ক্যাম্প করে তারা। ওই বছরের ২০ অগাস্ট বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং লোকপ্রশাসন বিভাগের মধ্যে ফুটবল খেলা চলার সময় মাঠের পাশে জিমনেসিয়ামে অবস্থানরত কয়েকজন সেনাসদস্যের সঙ্গে বাকবিতণ্ডা হয় কয়েক ছাত্রের। এক পর্যায়ে সৈন্যরা ছাত্র-শিক্ষকদের ওপর চড়াও হয়, লাঞ্ছিত হন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। ওই ঘটনার রেশ ধরে ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। দাবি ওঠে ক্যাম্পাস থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের। আর তা দমনে দেখা যায় বলপ্রয়োগ। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। জারি করা হয় সান্ধ্য আইন। পথে পথে ছাত্রদের নির্যাতনের ঘটনাও ঘটে। রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে সেনাসমর্থিত ওই সরকারের দায়িত্ব নেওয়ায় পর দেশে আপাত শান্তিভাব ফিরে এলেও তাদের বিভিন্ন পদক্ষেপে জনমনে ক্ষোভের সঞ্চারও দেখা যায়, আর তারই প্রকাশ ঘটে ছাত্র বিক্ষোভে। ওই সরকারের বিরুদ্ধে এটাই ছিলো প্রথম বিক্ষোভ। আন্দোলনের মুখে ২১ অগাস্ট জিমনেসিয়াম থেকে সেনা ক্যাম্প সরিয়ে নিতে বাধ্য হয় সরকার। তবে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়লে শুরু হয় সংঘাত-সহিংসতা। ২২ অগাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘাতের সময় গুলিতে নিহত হন রিকশাচালক আনোয়ার। এই দিন সন্ধ্যা থেকে সেনাসমর্থিত সরকার সান্ধ্য আইন জারি করে এবং দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শহরের কলেজগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। ২৩ অগাস্ট রাতে আটক করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন-অর-রশিদকে। তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় অজানা স্থানে। পরে তারা বলেছেন ওই সময় তাদের ওপর চালানো নির্যাতনের কথা। তখন ঢাবির আরো দুই শিক্ষকসহ সাত ছাত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষক ও পাঁচ জন ছাত্রেেক গ্রেপ্তার করা হয়। ছাত্র-শিক্ষক-জনতার সম্মিলিত আন্দোলনে সেনা-পুলিশ বাহিনীর পিটুনিতে আহত হয় শত শত ছাত্র-জনতা। সারাদেশে ৮৩ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু পরবর্তীতে ছাত্র-শিক্ষকদের সম্মিলিত আন্দোলনের কাছে হার মানে সেনা সমর্থিত সরকার। বাধ্য হয়ে মুক্তি দেয় ছাত্র-শিক্ষকদের। ঘটনা তদন্তে সংসদীয় উপ-কমিটি সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলে ঢাবিসহ সারাদেশে অগাস্টের বিক্ষোভের কারণ অনুসন্ধানে আগ্রহী হয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গত বছর ১৯ অগাস্ট সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি রাশেদ খান মেননকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটির সাবেক উপাচার্য, সেনা কর্মকর্তা, ডিজিএফআই ও র‌্যাব সদস্য, নির্যাতিত ছাত্র ও শিক্ষকসহ অনেকের বক্তব্য শোনেন। তবে তত্ত্বাবাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে ডাকা হলেও তারা আসেননি। পরবর্তীতে মইন উ টেলিকনফারেন্সে রাজি হলেও ফখরুদ্দীনের কোনো সাড়া পাওয়া যায়নি। সংসদীয় উপকমিটি গত ৫ জুন জানায়, তাদের তদন্তে বেরিয়ে এসেছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উচ্চ পর্যায়ের পরিকল্পনায় ওই সংঘাত ঘটানো হয়েছিলো। বক্তব্য না দিলে ফখরুদ্দীন ও মইনকে দায়ী করেই প্রতিবেদন দেওয়া হবে বলে জানায় কমিটির সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১০ ঘ.